‘সেরা স্টাইল আইকন’ পুরস্কার পেলেন মিমি, শুভশ্রীর হাত থেকে পুরস্কার নিয়েই বেফাঁস রাজের প্রাক্তন!

একসময় রাজ চক্রবর্তী, মিমি চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সম্পর্কের টানাপোড়েন টলিপাড়ার অন্যতম আলোচিত বিষয় ছিল। কিন্তু কালের নিয়মে বদলে গিয়েছে অনেক কিছুই। রাজ ও শুভশ্রী এখন সুখী দাম্পত্যে দুই সন্তানের অভিভাবক। আর মিমি নিজের মতো এগিয়ে চলেছেন। অতীতের সেই সম্পর্কের উত্থান-পতনকে পিছনে ফেলে এবার এক মঞ্চে দেখা গেল মিমি ও শুভশ্রীকে, যেখানে মিমির হাতে পুরস্কার তুলে দিলেন শুভশ্রী নিজেই!

সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলার মঞ্চে ‘সেরা স্টাইল আইকন’ পুরস্কার পেলেন মিমি চক্রবর্তী। কিন্তু বিশেষ চমক ছিল পুরস্কারপ্রদানের মুহূর্তে। মিমির হাতে এই সম্মান তুলে দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়! পুরস্কার গ্রহণের সময় মঞ্চেই শুভশ্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন মিমি।

তিনি বলেন, “স্টাইল আইকনের দিক থেকে আমি শুভশ্রীর অনুরাগী। বাংলায় তিনিই প্রথম জিরো ফিগার সুন্দরী, যা অর্জন করতে তাঁকে অনেক পরিশ্রম করতে হয়েছে।” অতীতের স্মৃতিচারণ করে মিমি বলেন, “আমার মনে আছে, আমরা যখন সবাই খাচ্ছিলাম, শুভশ্রী তখন থালায় খাবার সাজিয়ে রেখে বলল, ‘না, আমি খাব না’—সেই ডেডিকেশন আমায় বরাবর অনুপ্রাণিত করেছে।”

 

View this post on Instagram

 

A post shared by Filmfare (@filmfare)

শুভশ্রীও মিমির এই আন্তরিক প্রশংসায় আপ্লুত হয়ে তাঁকে মঞ্চেই জড়িয়ে ধরেন। স্পষ্টতই বোঝা যায়, অতীতের তিক্ততা এখন শুধুই স্মৃতি!

তবে মিমি-শুভশ্রীর এই মিষ্টি সম্পর্কের ছোঁয়া নতুন নয়। গত বছর টলিউডের একটি পার্টিতেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী, মহেন্দ্র সোনি, অনিন্দ্য চট্টোপাধ্যায়সহ আরও অনেকে। সেই পার্টির ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ারও করেছিলেন মিমি, যা পরে শুভশ্রীও রিশেয়ার করেন।

যদিও পর্দায় তাঁদের একসঙ্গে দেখা যায়নি বহুদিন। তবে মিমির ভক্তরা চান, এবার তাঁরা একসঙ্গে কাজ করুন। রাজের সঙ্গেও বহুদিন একফ্রেমে দেখা যায়নি মিমিকে। তবে মিমি আগেই জানিয়েছিলেন, ভালো চিত্রনাট্য পেলে রাজের সঙ্গে কাজ করতে তিনি প্রস্তুত।

শুভশ্রীকে শেষবার দেখা গিয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত ‘সন্তান’ ছবিতে। আগামীতে তিনি সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে বিনোদিনীর চরিত্রে অভিনয় করবেন। এছাড়াও তিনি ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর বিচারক হিসেবে রয়েছেন।

অন্যদিকে, মিমি সম্প্রতি ‘ডাইনি’ ছবিতে অভিনয় করেছেন। আগামী পুজোর জন্য তিনি ‘রক্তবীজ-২’ ছবির শুটিং শুরু করেছেন।

সময়ের সঙ্গে সম্পর্কের সমীকরণ যেমন বদলায়, তেমনই বদলায় মানুষও। একসময় যারা মুখ দেখাদেখি বন্ধ করে দিয়েছিলেন, আজ তাঁরা একে অপরের প্রশংসায় পঞ্চমুখ। জীবন বোধহয় এভাবেই নতুন গল্প লেখে!