অযোধ্যার প্রসাদের নামে সাধারণ মিষ্টি বিক্রি! অ্যামাজনের ওপর ১ লক্ষ টাকা জরিমানা করতেই শোরগোল

অযোধ্যা রাম মন্দিরের প্রসাদের নামে সাধারণ মিষ্টি বিক্রির অভিযোগে বড়সড় ধাক্কা খেল ই-কমার্স জায়ান্ট অ্যামাজন (Amazon)। কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (CCPA) বিভ্রান্তিকর বিজ্ঞাপন ও ভোক্তাদের বিভ্রান্ত করার অপরাধে অ্যামাজন সেলার সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের ওপর ১ লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের কোনো ধরনের অনুমোদন ছাড়াই এই ধরণের পণ্য বিক্রির বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
সিসিপিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগেই—অর্থাৎ ২০২৪ সালের ২২শে জানুয়ারির আগে থেকেই অ্যামাজনের প্ল্যাটফর্মে ভুয়া প্রসাদের নামে সাধারণ মিষ্টি বিক্রি করা হচ্ছিল। এই ধরনের বিভ্রান্তিকর তালিকা সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি আইনের পরিপন্থী। এমনকি একটি নির্দিষ্ট বিক্রেতা এই ভুয়া তালিকার মাধ্যমে প্রায় ২৫ লক্ষ টাকার বেশি ব্যবসা করেছিল, যার থেকে কমিশন পেয়েছিল অ্যামাজনও।
ভোক্তা সুরক্ষা আইন, ২০১৯ এবং ই-কমার্স বিধিমালা, ২০২০-এর বিধান লঙ্ঘন করার দায়ে এই জরিমানা করা হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে ওই অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে এই ধরনের জালিয়াতি ঠেকাতে কঠোর নির্দেশিকা জারি করেছে সিসিপিএ। এখন থেকে রাম মন্দির, তিরুপতি বা বৈষ্ণো দেবীর মতো দেশের ১০টি প্রধান মন্দিরের যাচাইকৃত অনুমতিপত্র ছাড়া কোনো প্ল্যাটফর্মে প্রসাদ বা ধর্মীয় পণ্য বিক্রি করা যাবে না। অ্যামাজনকে আগামী ২৮ মে, ২০২৬-এর মধ্যে এই সংক্রান্ত কিওয়ার্ড ফিল্টারিং ও নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে।