“তোদের বাড়ি ঘর ভাঙচুর….”, জেলে বসে ফোনে হুমকি দিচ্ছে শেখ শাহজাহান, দাবি ব্যবসায়ীর

রেশন দুর্নীতি ও ইডির ওপর হামলার ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা ও মাফিয়া শেখ শাহজাহান কি জেলে বসেই মোবাইল ব্যবহার করছেন? এই প্রশ্ন ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সরবেড়িয়ার এক ব্যবসায়ী রবিন মণ্ডলের অভিযোগের ভিত্তিতে এই সন্দেহ আরও জোরাল হয়েছে। তিনি দাবি করেছেন, শেখ শাহজাহান নিজে তাঁকে ফোন করে হুমকি দিয়েছেন! ঘটনাটি জানিয়ে ইতিমধ্যেই ইডি ও স্থানীয় ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

রবিন মণ্ডলের অভিযোগ, কয়েক দিন আগে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ মফিজুল মোল্লা এসে তাঁকে একটি মোবাইল ফোন এগিয়ে দেন এবং বলেন, “ভাই তোমার সঙ্গে কথা বলবে।”

কোন ভাই? প্রশ্ন করতেই ফোনের ওপার থেকে ভেসে আসে, “আমি শেখ শাহজাহান বলছি।” রবিন মণ্ডলের দাবি, “ওই ব্যক্তি বলে, ‘তোরা মার্কেট নিয়ে খুব উৎপাত করছিস! তোদের বাড়ি ঘর ভাঙচুর করে দেব, বোম মারব, বাড়িছাড়া করব।’”

এই হুমকির পর রবিন মণ্ডল চরম আতঙ্কিত হয়ে পড়েন। তিনি দ্রুত ইডি দফতরে গিয়ে লিখিতভাবে অভিযোগ জানান ও নিরাপত্তার দাবি করেন।

এই ঘটনার পরই বড় প্রশ্ন উঠে আসছে—বসিরহাট জেলে বন্দি শেখ শাহজাহান কি নিয়মিত মোবাইল ফোন ব্যবহার করছেন? তিনি কি জেলে বসেই নিজের অনুগামী ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছেন?

এর আগেও বিভিন্ন মামলায় দেখা গিয়েছে, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা জেলে থেকেও ফোনের মাধ্যমে বাহিরের লোকজনের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন। এবার শাহজাহানকে ঘিরেও একই প্রশ্ন উঠেছে।

শেখ শাহজাহানের তৈরি সরবেড়িয়ার ‘শাহজাহান মার্কেট’ ঘিরে বহুদিন ধরেই বিতর্ক চলছে। অভিযোগ, ২০১১ সালে মণ্ডল পরিবারের জমি দখল করেই ওই মার্কেট তৈরি করেন শাহজাহান। ইডির তদন্তেও উঠে এসেছে মণ্ডল পরিবারের নাম।

এই ঘটনার পর ইডি কী পদক্ষেপ নেয়, তা এখন দেখার বিষয়। তবে, এক বন্দি কীভাবে মোবাইল ফোন ব্যবহার করছেন, তা নিয়ে জেল প্রশাসনের ভূমিকাও প্রশ্নের মুখে!