“ওষুধ না–থাকলে চেক–আপ অর্থহীন”- অভিষেকের সেবাশ্রয়ে ১১ লক্ষ মানুষকে দেওয়া হলো চিকিৎসা

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে চলমান সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের মাধ্যমে এ পর্যন্ত ১১ লক্ষ মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। শিবিরের দ্বিতীয় পর্বে এখন ২৭০টি স্থানে মেগা ক্যাম্প চলছে। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাতগাছিয়া ও বিষ্ণুপুরের মেগা ক্যাম্প পরিদর্শন করেন।
মেগা ক্যাম্পের তৃতীয় দিনে মঙ্গলবার ২৭০টি ক্যাম্পে ৫৩ হাজারেরও বেশি মানুষ চিকিৎসা সেবা পেয়েছেন। এর মধ্যে ১০১টি ক্রিটিক্যাল কেস অন্যান্য হাসপাতালে রেফার করা হয়েছে। প্রায় ৪২ হাজার রোগীর ডায়াগনস্টিক টেস্ট সম্পন্ন হয়েছে। গত ২ জানুয়ারি সেবাশ্রয় শিবিরের প্রথম পর্ব শুরু হয়েছিল। সেই সময় থেকে ১৮ মার্চ, মঙ্গলবার পর্যন্ত ১১ লক্ষেরও বেশি মানুষকে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হয়েছে।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘মাঝপথে কারও চিকিৎসা যাতে থেমে না যায়, তা নিশ্চিত করতে চেয়েছিলাম। ওষুধ না থাকলে চেক-আপ অর্থহীন। ট্রিটমেন্ট যদি না হয়, তাহলে ডায়াগনস্টিক টেস্টের কোনও মানে হয় না। সেবাশ্রয় শিবির সমস্ত দিক পূরণ করছে, কোনও ফাঁক রাখছে না।’
সাতগাছিয়া ও বিষ্ণুপুরের মেগা ক্যাম্প পরিদর্শনের সময় অভিষেক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং রোগীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি স্বাস্থ্যকর্মীদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান এবং রোগীদের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য শুভকামনা জানান।
সেবাশ্রয় শিবিরের এই উদ্যোগ ডায়মন্ড হারবারের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় বাসিন্দারা এই শিবিরকে ‘জীবনরক্ষাকারী’ বলে অভিহিত করছেন। স্বাস্থ্য পরিষেবার এই বিশাল আয়োজন রাজ্যের স্বাস্থ্যব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই শিবির চলমান থাকবে এবং আরও বেশি মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাবে বলে জানানো হয়েছে।