দেখতে দেখতে কেটে গেলো একটা বছর, মৃত্যুবার্ষিকীতে ঐন্দ্রিলাকে স্মরণ মায়ের

২০২২ সালের নভেম্বর মাস। ঐন্দ্রিলা শর্মার জীবনে তখন চলছিল এক অন্ধকার সময়। ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে তিনি অবশেষে জয়ী হয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। তারপর আর কোনওদিন ফিরে আসেননি। আজ থেকে ঠিক এক বছর আগের এই দিনে, ২০ নভেম্বর, ঐন্দ্রিলা শর্মা চলে যান।

ঐন্দ্রিলার মায়ের জন্য এই এক বছর ছিল এক অসহ্য শোকযাত্রা। তিনি এখনও মেয়ের স্মৃতি থেকে বেরিয়ে আসতে পারেননি। তিনি বলেন, “আমি এখনও ভালো নেই। প্রতিদিন রাতে আমাদের একটাই রুটিন। প্রাণভরে ওর বাবা আর আমি দু’জনে একটু কাঁদি। আর মনে মনে বলি তুই যেখানেই থাকিস আমার কাছে ফিরে আয়।”

ঐন্দ্রিলার মায়ের স্মৃতিচারণায় উঠে আসে মেয়ের জীবনের নানান মুহূর্ত। তিনি বলেন, “মেয়েটা ভীষণ স্বাস্থ্য সচেতন ছিল। সব্য একটু বাইরের খাবার খেতে ভালোবাসত বলে কত বকাবকি করত। সব্য বলত, ঠিক আছে বিয়ের পর আর খাব না। ২০২৩ এর ১২ মার্চ ওদের বিয়ের দিন ঠিক করেছিলাম। সেদিন সেকেন্ড রবিবার ছিল। সেরকম কিছু করতাম না। তবে ওই একটু রেজিস্ট্রি ম্যারেজ করে খুব কাছের কয়েকজনকে নিয়ে ঘরোয়া অনুষ্ঠান ঠিক করে রেখেছিলাম।”

ঐন্দ্রিলার মায়ের আশা ছিল, মেয়েটি সুস্থ হয়ে ফিরে আসবে এবং তারা একসঙ্গে মেয়ের বিয়ে দেখবেন। কিন্তু সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। ঐন্দ্রিলা শর্মা চলে গেলেন, কিন্তু তাঁর স্মৃতি আজও জীবিত রয়েছে তাঁর মায়ের হৃদয়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *