টেকেনি প্রথম বিয়ে, মা হওয়ার পর বিয়ে করে কটাক্ষের শিকার টলিউড অভিনেত্রী পূজা

বিয়ের আগেই পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন বলিউড-টালিউডের অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। ২০২০ সালের মার্চ মাসে দীর্ঘকালীন প্রেমিক কুণাল বর্মার সঙ্গে আইনি বিয়ে করেছিলেন পূজা। সেই আইনি বিয়ের ৬ মাস পরেই পুত্রসন্তানের জন্ম দেন তিনি।
অবশেষে পূজা এবং কুণাল ২০২১ সালের ১৬ নভেম্বর বিবাহের প্রচলিত রীতিনীতি মেনে গাঁটছড়া বাঁধেন। বিয়ের সময় পূজার পুত্রের বয়স ১ বছর ছিল। তা নিয়েও কটাক্ষের শিকার হতে হয় পূজাকে। পুত্রের সামনে বিয়ে করছেন বলে অভিনেত্রীর চরিত্র বিশ্লেষণ করতেও পিছপা হননি নেটপাড়ার একাংশ।

পূজা বরাবর স্পষ্টবক্তা। নিজের মতামত, ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করতে দ্বিধাবোধ করেন না কখনোই। একটি টক শোয়ে এসে তার প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খোলেন পূজা। সেই অনুষ্ঠানে এসে তিনি জানান, কুণালকে বিয়ে করার আগে দু’জনের ৯ বছরের সম্পর্ক ছিল। কিন্তু অভিনেত্রীর জীবনে প্রথম প্রেম কুণাল নন। সে কথা জানান পূজা নিজেই।

পূজা আরো জানান, তার জীবনের প্রথম প্রেমের সঙ্গে সারা জীবন কাটাবেন বলে ১৫ বছর বয়সে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তিনি।

জীবনের প্রথম প্রেম। ভালবাসার সাগরে যেন ডুবে ছিলেন পূজা। প্রেমিককে জীবনের ধ্যান-জ্ঞান হিসাবে মেনে নিয়েছিলেন তিনি। তাই বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পূজা। দু’জনে কলকাতা থেকে পালিয়ে মুম্বাই চলে যান।

কিন্তু মুম্বাই পৌঁছনোর পর পূজা এবং তার প্রেমিকের মধ্যে প্রায়শই মতবিরোধ, অশান্তি হত বলে দাবি অভিনেত্রীর। ধীরে ধীরে একে অপরের থেকে দূরে সরে যেতে শুরু করেন তারা।

২০০৭ সালে অর্ণয় চক্রবর্তীকে বিয়ে করেছিলেন পূজা। ৬ বছর একসঙ্গে ঘর করার পর ২০১৩ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

কিন্তু মুম্বাইয়ে থাকাকালীন পূজা তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেন। অভিনেত্রী হিসাবে সফল হয়ে বাবা-মায়ের গর্বের কারণ হয়ে দাঁড়াবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন তিনি। ১৫ বছর বয়সে একটি হিন্দি ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি।

এর পর হিন্দি ধারাবাহিকে কাজ করতে শুরু করেন পূজা। ২০১১ সালে ‘দেবো কে দেব মহাদেব’ ধারাবাহিকে পার্বতী চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু প্রথমে তাকে সতী চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে, মৌনী রায় এই চরিত্রে অভিনয় করেন।

তেলুগু ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছিল পূজাকে। ২০১১ সালে ‘বীরু থেড়া’ ছবিতে কাজ করেছিলেন তিনি। একই বছর হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি বাংলা ছবিতেও অভিনয় করেন পূজা।

২০১৬ সালে ‘বিগ বস বাংলা’য় প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেন পূজা। বিভিন্ন নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হিসাবে কাজ করেছেন তিনি। এ ছাড়া নামী পত্রিকার প্রচ্ছদের জন্য ফোটোশুটও করেছেন পূজা।

২০২০ সালে বিয়ে করার পর অভিনয় জগৎ থেকে সাময়িক বিরতি নেন পূজা। দু’বছর পর ফিরে এসে হিন্দি ধারাবাহিকে অভিনয় করতে নামেন তিনি। ‘অনুপমা: নমস্তে আমেরিকা’ ধারাবাহিকে কাজ করেছেন তিনি।

ইনস্টাগ্রামে বেশ সক্রিয় পূজা বন্দ্যোপাধ্যায়। তার অনুরাগীর সংখ্যাও খুব একটা কম নয়। এখনো পর্যন্ত ইনস্টাগ্রামে অনুরাগীর সংখ্যা পেরিয়েছে ২২ লাখের বেশি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *