যে দুই হিট সিনেমার রিমেক চান না বলিউড অভিনেত্রী কাজল

সেরা জুটি হিসেবে শাহরুখ খান-কাজলের নাম বলিউডের ইতিহাসে সর্বকালের সবার উপরেই থাকবে। যতবারই তারা পর্দায় হাজির হয়েছেন, ততবারই দর্শকদের মধ্যে জাদু ছড়িয়েছেন। “দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে” আর “কাভি খুশি কাভি গাম” এমনই দুটি সিনেমা।
বলিউডে অনেকদিন ধরেই রিমেক সিনেমার ধারা চলছে। একই ইন্ডাস্ট্রিতে অতীতে তুমুল জনপ্রিয় কিংবা অন্য ইন্ডাস্ট্রিতে সফলতার দেখা পাওয়া সিনেমাগুলোকে বর্তমান প্রজন্মের কাছে উপস্থাপন করার জন্য রিমেক অর্থাৎ পুনরায় নির্মাণ করা হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রে না হলেও অনেক সময় রিমেক হওয়া সিনেমাগুলো বেশ প্রশংসিত হয়।

তবে নিজের অভিনীত “দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে” ও “কাভি খুশি কাভি গাম” সিনেমা রিমেক হোক, সেটি চান না বলিউড অভিনেত্রী কাজল। তার দাবি, সিনেমা দুটি পুনরায় নির্মাণ করা হলেও তা আগের মতো জাদু সৃষ্টি করতে সক্ষম হবে না।

১৯৯৫ সালের অক্টোবরে মুক্তি পেয়েছিল “দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে”। অনেক আগেই এটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বেশিদিন ধরে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হওয়ার রেকর্ড গড়েছে। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গত ১০ ফেব্রুয়ারি থেকে ভারতের মোট ৩৭টি শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি দেওয়া হয়েছে রোমান্টিক ঘরানার সিনেমাটি।

সম্প্রতিক শোনা যাচ্ছে, “দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে” সিনেমাটি রিমেক হবে। আদিত্য চোপড়া নাকি এ সিনেমা প্রযোজনা করতে চলেছেন। আর শাহরুখের জায়গায় নতুন ছবিতে নাকি বিজয় দেবেরাকোন্ডাকে দেখা যেতে পারে। যদিও যশ রাজ ফিল্মস এ গুঞ্জন নাকচ করে দেয়।

“দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে” সিনেমাটি রিমেক হওয়া প্রসঙ্গে কাজল জানান, সেই ম্যাজিক আর তৈরি হবে না। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবিটিকে পুনরায় বানালে সেটা হতাশা ছাড়া হয়তো কিছুই দেবে না, কারণ আসল ছবির সঙ্গে তুলনা আসবেই।

এ বলিউড অভিনেত্রী বলেন, আমার ব্যক্তিগত মতামত হলো, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের মতো ছবিগুলো আবার তৈরি না করাই ভালো। একই মত কাভি খুশি কাভি গাম নিয়েও। আমার মনে হয় সেই ম্যাজিকগুলো একবারই তৈরি হয়েছিল। যদি সেটাকে কেউ আবার করে তৈরি করতে চায়, তাহলে সেই একই অনুভূতি হয়তো আর আসবে না। প্রথমবারের সেই ম্যাজিককে দ্বিতীয়বার রিপ্লেস করা যায় না।

বড় পর্দায় কাজলকে সর্বশেষ দেখা গিয়েছিল “সালাম ভেঙ্কি” সিনেমায়। এছাড়া সম্প্রতি যশ চোপড়ার জীবনের ওপর নির্মিত নেটফ্লিক্স সিরিজ “দ্য রোম্যান্টিক্স”-এও তাকে দেখা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *