সীতার লুক নিয়ে কটাক্ষে কতটা ভেঙে পড়েছেন সাই পল্লবী? এবার মুখ খুললেন অভিনেত্রী

রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ ছবিতে সীতার চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর লুক নিয়ে সমাজমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। কখনও তাঁর সাজপোশাক, কখনও আবার চরিত্রের উপস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। তবে এই সমস্ত কটাক্ষে কতটা প্রভাবিত হচ্ছেন অভিনেত্রী? সম্প্রতি সেই বিষয়েই নিজের মতামত জানিয়েছেন সাই পল্লবী।

অভিনেত্রীর কথায়, সমাজমাধ্যমে সীতার সৌন্দর্য নিয়ে যে ধরনের মন্তব্য করা হচ্ছে, সেগুলি তাঁর নজর এড়ায়নি। সাই বলেন, সীতামাকে কতটা সুন্দর দেখতে হওয়া উচিত, তা নিয়ে সমাজমাধ্যমে নানা কথা হচ্ছে। তিনি সেসব থেকে চোখ বন্ধ রাখেননি। তবে তাঁর মতে, এই ধরনের মন্তব্য যদি কারও মানসিক স্থিতি নষ্ট করে, তাহলে বুঝতে হবে নিজেকে ভিতর থেকে আরও মজবুত করা প্রয়োজন।

তাঁর মতে, প্রত্যেক মানুষের মধ্যেই কিছু না কিছু নিরাপত্তাহীনতা থাকে। কিন্তু নিজের ভিতটা শক্ত রাখা জরুরি। তা হলে বাইরের দুনিয়ার সমালোচনার মোকাবিলা করা যায়, অথবা সেই সমস্ত নেতিবাচক মন্তব্যকে উপেক্ষা করাও সম্ভব।

সীতার চরিত্রে অভিনয়কে নিজের জীবনের অত্যন্ত ব্যক্তিগত একটি অভিজ্ঞতা বলেই মনে করেন সাই পল্লবী। তাঁর কথায়, একটি চরিত্রে অভিনয় করার পর সেই চরিত্রের কিছুটা অংশ অভিনেতার মনের মধ্যেও থেকে যায়। এই চরিত্রের সুবাদেও তাঁর মধ্যে কিছু পরিবর্তন এসেছে। তবে সেই পরিবর্তন একান্তই ব্যক্তিগত। তা নিয়ে প্রকাশ্যে বিশদে কথা বলতে চান না অভিনেত্রী।

অনুষ্ঠানে নিজের অভিনয়জীবন এবং চরিত্র বাছাই নিয়েও মুখ খুলেছেন অভিনেত্রী। তাঁর স্পষ্ট বক্তব্য, শুধুমাত্র গ্ল্যামার বাড়ানোর জন্য কোনও চরিত্রে অভিনয় করতে চান না তিনি। যে চরিত্রের নিজস্ব কোনও গুরুত্ব নেই, যে কোনও অভিনেত্রীকে দিয়ে সেই চরিত্র করানো সম্ভব, এমন কাজ থেকে দূরে থাকতে পছন্দ করেন সাই।

অভিনেত্রীর কথায়, তিনি সবসময় চরিত্রের মধ্যে গভীরতা খোঁজেন। কেরিয়ারের শুরুর দিকে পছন্দের চরিত্র না পেয়ে দীর্ঘ সময় অপেক্ষাও করতে হয়েছে তাঁকে। সেই সময় প্রতিদিনই কঠিন মনে হত। বাণিজ্যিক ছবির প্রচলিত ধারায় নিজেকে ভাসিয়ে দেবেন, নাকি নিজের পছন্দে অনড় থাকবেন, তা নিয়ে দ্বন্দ্বেও পড়েছেন। তবে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তেই স্থির থেকেছেন। এমনকী, বলিউডের অনেক তারকার মতো নিজের কোনও ম্যানেজার বা বড় টিমও রাখেন না সাই। পরিচালকদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে এবং কাজের প্রক্রিয়া সহজ রাখতে চান তিনি।

নারী অভিনেত্রীদের সৌন্দর্যের নির্দিষ্ট মাপকাঠিতে বেঁধে রাখার প্রবণতা নিয়েও প্রশ্ন তুলেছেন সাই। তাঁর মতে, পর্দায় পুরুষ অভিনেতাদের বিভিন্ন বয়স ও চেহারায় গ্রহণ করা হলেও নারীদের ক্ষেত্রে সবসময় নিখুঁত দেখতে হওয়ার প্রত্যাশা থাকে। এই ধারণা বদলানো প্রয়োজন বলেই মনে করেন তিনি। সীতার সাজ নিয়ে বিতর্কের আবহে সাই পল্লবীর এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *