‘ততদিন তোমায় স্পর্শ করব না’, বললেন জিতু, জেনেনিন উত্তরে সৃজলা কি বললেন…?

‘বিগ বস’ বাংলায় জিতু কমল এবং সৃজলা গুহর সম্পর্ক ঘিরে প্রতিদিনই নতুন নাটক সামনে আসছে। কখনও সৃজলার অভিমান, কখনও জিতুর রাগ, আবার পরক্ষণেই তাঁদের কাছাকাছি আসার দৃশ্য ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া। শুক্রবার দুজনের মধ্যে অশান্তি চরমে ওঠে। জিতু বারবার মনের কথা জানালেও সৃজলা স্পষ্ট জবাব না দেওয়ায় গত কয়েকদিন ধরেই তাঁদের মধ্যে মন কষাকষি চলছে।

জিতুর প্রেমপ্রস্তাবে কিছুটা দোটানায় থাকলেও সৃজলা সরাসরি কোনও সিদ্ধান্ত জানাচ্ছেন না। অন্যদিকে জিতুও পিছু হঠতে নারাজ। কখনও নিজের অনুভূতি প্রকাশ করছেন, আবার কখনও মাঝরাতে সৃজলার চর্চিত প্রেমিক শনকে নিয়ে মন্তব্য করছেন তিনি। এমনকী শন ও সৃজলার সম্পর্ক ভাঙার ভবিষ্যদ্বাণীও করেছেন জিতু। এই টানাপোড়েনে কিছুটা বিরক্ত ও মানসিক চাপে পড়ে সৃজলা বিগ বসের সাহায্য চান। তবে বিগ বস স্পষ্ট জানান যে তিনি সৃজলার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করবেন না। সৃজলার এই দ্বিধাই জিতুর রাগের কারণ হয়ে দাঁড়ায় বলে মনে করা হচ্ছে।

শুক্রবার সৃজলাকে সরাসরি হ্যাঁ অথবা না-তে উত্তর দিতে বলেন জিতু। জবাবে সৃজলা জানান, জিতুর অভিধানে মাঝামাঝির কোনও জায়গা নেই এবং তিনি জিতুকে কেবল বন্ধু হিসেবেই দেখেন। এই কথাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন জিতু। এর আগে নিজের গলার সোনার চেইন পুলের জলে ফেলে দিয়েছিলেন তিনি। এবার ক্ষোভে জিতু বলেন, সৃজলা যেন তাঁর ধারেকাছে না আসেন এবং তিনিও আর যাবেন না, তবে যা চলছে তার ইতি টানা জরুরি। উত্তপ্ত বাক্যবিনিময়ের মাঝে সৃজলাকে ‘চিটার’ বলে কটাক্ষও করেন জিতু। এরপরই বিগ বসের কাছে শো ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন সৃজলা। পুরো পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জিতু ও সৃজলা দুজনকেই নিজের মতো করে সতর্ক করেন তিনি।

এরই মাঝে জিতু ও সৃজলার একটি কথোপকথনের অংশ ভাইরাল হয়েছে। শুক্রবার জিতুকে বলতে শোনা যায়, প্রেমিক থাকার পরও তাঁকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সৃজলা ৬ ডিসেম্বরের পর সময় চাইলেও জিতু তখনই ফয়সালা চান। পাউডার রুমে জিতু বলেন, যতদিন তাঁদের আত্মা এক হবে না ততদিন তিনি সৃজলাকে স্পর্শ করবেন না। পাল্টা সৃজলা প্রশ্ন করেন, জিতু থাকতে পারবেন কি না এবং তাঁর কষ্ট হবে কি না। এই সংলাপ ঘিরে দর্শকদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছে। জিতুর দাবি, তিনি সরে যেতে চাইলেও সৃজলাই বারবার শারীরিক নৈকট্য চেয়েছেন। যদিও সৃজলা তাঁকে শান্ত হতে ও বিশ্বাস রাখতে বলেন। সব মিলিয়ে জটিল সম্পর্কের সমীকরণ আর আবেগের টানাপোড়েনে জমে উঠেছে বিগ বস বাংলার ঘর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *