প্রেসিডেন্সি জেলে বন্দির রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় খুনের মামলা! ময়নাতদন্তে বড় তথ্য

প্রেসিডেন্সি জেলে এক বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা মহম্মদ আলির দেহ জেলের সেলের বাইরে একটি গলির মধ্যে থেকে উদ্ধার করা হয়। ঘটনার পর গতকাল তাঁর দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সূত্রের দাবি, ময়নাতদন্তের পর জানা গেছে যে ভারী এবং ভোঁতা জাতীয় কোনো বস্তু দিয়ে আঘাতের জেরেই ওই বন্দির মৃত্যু হয়েছে।

পুলিশ তদন্তে জানতে পেরেছে, মহম্মদ আলি যে সেলে থাকতেন, ঘটনার দিন সকাল থেকে সেখানে একাধিকবার বন্দি গণনা বা কাউন্টিং করা হয়েছিল। দুপুর ৩টা পর্যন্ত হওয়া গণনায় তিনি উপস্থিত ছিলেন। কিন্তু বিকেল ৫টার কাউন্টিংয়ের সময় তাঁকে আর সেলে খুঁজে পাওয়া যায়নি। এরপরই তড়িঘড়ি খোঁজাখুঁজি শুরু করে জেল কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত বিকেল ৫টা ৪০ মিনিট নাগাদ সেলের বাইরে একটি গলির মধ্যে থেকে মহম্মদ আলির দেহ উদ্ধার হয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দুপুর ৩টা থেকে বিকেল ৫টার মধ্যেই এই ঘটনা ঘটেছে।

এই ঘটনায় জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে হেস্টিংস থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই খুনের ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহত মহম্মদ আলি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর বিরুদ্ধে দুটি মামলা চলছিল বলে জানা গেছে। এর মধ্যে একটি ২০২০ সালের এন্টালি এলাকার মাদক সংক্রান্ত মামলা এবং অপরটি ২০১০ সালের জিআরপি (GRP)-র একটি মামলা। বৃহস্পতিবার বিকেলে বন্দিদের রোল কলের সময় তিনি অনুপস্থিত থাকায় বিষয়টি নজরে আসে এবং তার কিছুক্ষণের মধ্যেই তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মাথার আঘাতের ধরন দেখে তদন্তকারীদের অনুমান, ভারী ও ভোঁতা কোনো অস্ত্র বা বস্তু দিয়ে আঘাত করা হয়ে থাকতে পারে।

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি জেলের ভেতরে ঘটে যাওয়া একটি মারপিটের ঘটনায় মহম্মদ আলির নাম জড়িয়েছিল। ওই ঘটনার সঙ্গে তাঁর মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রেসিডেন্সি জেলের মতো কড়া নিরাপত্তাবেষ্টিত স্থানে কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়েও প্রশ্ন উঠছে। বৃহস্পতিবার ঘটনার সময় যাঁরা দায়িত্বে ছিলেন, সেই জেলকর্মীদের পাশাপাশি আশপাশের সেলের বন্দিদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। উল্লেখ্য, এর আগে গত অক্টোবরে বারুইপুর মহকুমা হাসপাতালে দুই বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *