বেসরকারি স্কুলের ফি বৃদ্ধিতে লাগাম টানল সরকার! ৫ শতাংশের বেশি বাড়ালেই কড়া বার্তা

বেসরকারি স্কুলগুলির লাগামছাড়া ফি বৃদ্ধি নিয়ন্ত্রণে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। সাধারণ অভিভাবকদের স্বার্থরক্ষায় আলোচনার মাধ্যমে ফি-এর হার নিয়ন্ত্রণে রাখার স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধি ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে শুক্রবার নিউটাউন কনভেনশন সেন্টারে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন এবং প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। এ ছাড়াও মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত এবং স্কুল শিক্ষা দফতরের সচিবসহ শীর্ষ আধিকারিকরা বৈঠকে যোগ দেন।

প্রথম সারির বেসরকারি স্কুলের প্রায় ৩৬০ জন প্রতিনিধিকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, সব স্কুলের বিরুদ্ধে অভিযোগ না থাকলেও কয়েকটি স্কুলের ফি ৯ শতাংশ, ১২ শতাংশ বা ১৫ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, অনেক স্কুল ফি বাড়ায়নি বলেও উল্লেখ করা হয়। কলকাতার কয়েকটি পরিচিত বেসরকারি স্কুল বছরে ৯ শতাংশ ফি বাড়ানোর প্রস্তাব দিলেও রাজ্য সরকার তাতে সম্মতি দেয়নি।

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, যেসব স্কুল ইতিমধ্যে বাড়তি ফি নিয়ে ফেলেছে, সেই ক্ষেত্রে এখনই হস্তক্ষেপের সুযোগ কম থাকলেও পরবর্তীতে তা ‘অ্যাডজাস্ট’ করে নিতে হবে। পাশাপাশি সাফ জানানো হয়েছে যে, কোনোভাবেই ৫ শতাংশের বেশি ফি বাড়ানো যাবে না। গোটা বিষয়টি খতিয়ে দেখতে তিন-চারটি লাইন ডিপার্টমেন্টকে নিয়ে একটি কমিটি গঠন করা হবে এবং সম্মিলিতভাবে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

বৈঠকে মুখ্যমন্ত্রী আরও জানান, দেশের সাত-আটটি রাজ্যে বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণে পৃথক আইন রয়েছে এবং বিহারে বার্ষিক সর্বোচ্চ ৭ শতাংশ ফি বৃদ্ধির নিয়ম চালু থাকলেও পশ্চিমবঙ্গের আর্থসামাজিক বাস্তবতায় সেটিও মানদণ্ড হওয়া উচিত নয়। তবে তিনি আশা প্রকাশ করেন যে, নতুন আইন আনার প্রয়োজন নাও পড়তে পারে এবং পারস্পরিক আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব হবে।

এ দিনের বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ১ ডিসেম্বর থেকে স্কুলশিক্ষা দফতর দুটি নতুন পোর্টাল চালু করবে। এর মধ্যে একটি পোর্টাল থাকবে বেসরকারি স্কুলগুলির জন্য এবং অপরটি অভিভাবকদের জন্য। সাধারণ মানুষের আয়ের কথা মাথায় রেখে অভিভাবকদের স্বার্থরক্ষার ওপর বিশেষ জোর দেন মুখ্যমন্ত্রী।

এর পাশাপাশি স্কুলের গেটের সামনে যানজট ও ট্রাফিক সংক্রান্ত সমস্যাসহ স্কুলকেন্দ্রিক নানা বিষয়ে একাধিক দফতরের সমন্বয়ে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) তৈরির প্রস্তাব মুখ্যসচিবের কাছে পাঠানোর কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *