কোভিড টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বড় মন্তব্য ইলন মাস্কের!, সাক্ষাৎকারে ‘হ্যাঁ’ বলে বিতর্ক উস্কে দিলেন

কোভিড ১৯ টিকার সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে ফের নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার এই প্রসঙ্গে নিজের সম্মতির ইঙ্গিত দিলেন ইলন মাস্ক। মেটার সিইও মার্ক জুকারবার্গের একটি পুরোনো সাক্ষাৎকারের ক্লিপ এক্স প্ল্যাটফর্মে পুনরায় পোস্ট করে সেখানে ‘হ্যাঁ’ লিখেছেন মাস্ক। তাঁর এই সংক্ষিপ্ত মন্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার সকালে এক্সে জুকারবার্গের পুরোনো একটি ভিডিও রিপোস্ট করেন মাস্ক। ওই ভিডিওতে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া ও কন্টেন্ট মডারেশন নিয়ে কথা বলেছিলেন জুকারবার্গ। সায়ের জি নামের এক ব্যবহারকারী জো রোগান পডকাস্টে জুকারবার্গের দেওয়া বক্তব্য উদ্ধৃত করে একটি পোস্ট করার পরই বিষয়টি নতুন করে সামনে আসে।

২০২৫ সালে ‘দ্য জো রোগান এক্সপেরিয়েন্স’ পডকাস্টে হাজির হয়েছিলেন মার্ক জুকারবার্গ। সেখানে কোভিড ১৯ মহামারীর সময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে কন্টেন্ট সরানো নিয়ে নিজের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের কথা জানান তিনি। জুকারবার্গের দাবি ছিল, ভ্যাকসিন চলাকালীন সময়ে মার্কিন প্রশাসন সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোর ওপর চাপ সৃষ্টি করেছিল। তাঁর অভিযোগ অনুযায়ী, টিকার সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে যেসব পোস্ট বা তথ্য ছিল, সেগুলো সরিয়ে ফেলার জন্য চাপ দেওয়া হয়েছিল।

জুকারবার্গ আরও জানান যে, টিকার পার্শ্বপ্রতিক্রিয়া সংক্রান্ত অনেক দাবি তথ্যের দিক থেকে সঠিক ছিল বলেই মনে করেন তিনি এবং মেটা সেই ধরনের সব কন্টেন্ট সরাতে রাজি হয়নি। যদিও তিনি স্পষ্ট করেছিলেন যে ওই আলোচনাগুলোতে তিনি সরাসরি যুক্ত ছিলেন না, বাইডেন প্রশাসনের আধিকারিকদের ভূমিকা সম্পর্কে নিজের জানা তথ্যের ভিত্তিতেই কথা বলেছেন। পাশাপাশি জুকারবার্গ উল্লেখ করেছিলেন যে, সার্বিক দিক থেকে দেখলে ভ্যাকসিনের উপকারিতা এর সম্ভাব্য অসুবিধার তুলনায় অনেক বেশি।

বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্কের এই ‘হ্যাঁ’ মন্তব্য কোভিড টিকার পার্শ্বপ্রতিক্রিয়া সংক্রান্ত পুরোনো বিতর্ককে আবারও উস্কে দিল বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *