সৃজলাকে ‘বিশ্বাসঘাতক’ বললেন জিতু! বিগ বসে তুমুল ঝামেলার মাঝে শো ছাড়ার হুমকি সৃজলার

জিতু কমল ও সৃজলা গুহর সম্পর্কে নতুন মোড় এসেছে। এবার রাগের বশে সৃজলাকে ‘বিশ্বাসঘাতক’ বলে বসেন জিতু। সেই নিয়ে দুজনের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সৃজলা অসহ্য হয়ে বলে ওঠেন যে তিনি এই শো থেকে এবার বেরিয়ে যেতে চান। ঝামেলার মাঝেই জিতু ওয়াশরুমে গিয়ে স্নান করে আসেন। যেহেতু তিনি নিউমোনিয়ার রোগী, তাই তাঁর এই আচরণে সৃজলার চিন্তা আরও বেড়ে যায়। এরপর সৃজলা জিতুর রাগ নিয়ে সৌরভের সঙ্গে কথা বলতে আসেন।

তখন সৌরভ সৃজলাকে বলেন যে জিতুর এই অবস্থার জন্য তাঁরও হাত রয়েছে। সৌরভের কথায়, তাঁরা সবাই প্রাপ্তবয়স্ক, তাই সৃজলা কেন বুঝতে পারছেন না জিতু এমন কেন করছেন, এবং জিতুকে একটু সময় দেওয়া উচিত। পরবর্তী সময়ে সৌরভ এই বিষয়টি নিয়ে দুর্নিবারের সঙ্গে কথা বলেন। তখন সৌরভকে সৃজলার উদ্দেশে বলতে শোনা যায়, প্রথমে দুর্নিবার, তারপর জিতু, ওয়েল প্লেড সৃজলা। যদিও দুর্নিবার স্পষ্ট করেন যে তিনি সৃজলার এই খেলায় তাঁকে সঙ্গ দেননি।

অন্যদিকে, এদিনের পর্বে বিগ বস বাড়ির সদস্যদের জন্য সারপ্রাইজ নিয়ে আসেন। শো-এর ঘরে দুটি ফোন আসে, যা আসলে লাক্সারি বাজেট টাস্কের একটি খেলার অংশ ছিল। দুটি দলে ভাগ হয়ে সদস্যদের বিগ বস বাড়ির পাঁচটি জায়গায় গিয়ে ছবি তুলতে হয়। নিয়ম ছিল, কোনো দল যদি অন্য দলের ছবি নষ্ট করে দেয়, তবে সেই দল আর জিততে পারবে না। এই টাস্কে জয়ী হয় জিতু, সৃজলা, রাজবীর এবং সৌরভের দল।

এর পাশাপাশি বিগ বস বাড়ির সদস্যদের সামনে পুরোনো মজার স্মৃতিগুলো তুলে ধরেন। সেইসব মুহূর্ত মনে করে আবেগে ভেসে অনেকের চোখে জল আসে। খেলার শেষে বিজয়ী দল উপহার হিসেবে পিৎজা পায়। শো-এর ফাইনালের দিন যত এগিয়ে আসছে, ততই সদস্যদের মধ্যে মাঝেমধ্যে মন খারাপের পরিবেশ তৈরি হচ্ছে। শেষ পর্যন্ত এই প্রতিযোগিতায় বিজয়ী হবেন একজনই, এবং দর্শকের ভোটে কার হাতে বিগ বসের ট্রফি ওঠে, এখন সেদিকেই তাকিয়ে সবাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *