ফরাক্কার দ্বিতীয় সেতু থেকে ১ লক্ষ কোটির আশ্বাস! কোলাঘাটে কোন কোন নতুন প্রকল্প চাইলেন শুভেন্দু?

কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক নিয়ে নাম না করে তৃণমূল কংগ্রেস ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, বিগত দিনে রাজনৈতিক কারণে কেন্দ্র-রাজ্য সম্পর্ক নষ্ট করে রাখা হয়েছিল; তবে গত ছ’মাসে বিজেপির সরকার সেই সম্পর্ক পুনরুদ্ধার করেছে।

বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে সড়ক পরিবহণ সংক্রান্ত একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গড়করি। তাঁর সামনেই মুখ্যমন্ত্রী অতীতের কেন্দ্র-রাজ্য বৈরিতা নিয়ে প্রশ্ন তোলেন। শুভেন্দু বলেন, জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে পড়ে থাকা কাজগুলোর এনওসি (NOC) দেওয়া ও জমির ব্যবস্থা করার পাশাপাশি কেন্দ্র-রাজ্যের সম্পর্ক তাঁরা আবার স্বাভাবিক করেছেন এবং ছ’মাসের কাজের চিত্র নিতিন গড়করির কাছ থেকেই জানা যাবে বলে মন্তব্য করেন।

এদিনের কর্মসূচিতে উদ্বোধন ও শিলান্যাস হওয়া প্রকল্পগুলোর কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, নিতিন গড়করির হাত ধরে প্রায় ২৫ হাজার কোটি টাকার প্রকল্প পাচ্ছে রাজ্য। এর মধ্যে পূর্ব মেদিনীপুরে মাতঙ্গিনী হাজরার নামাঙ্কিত নরঘাট সেতুর আরেকটি সেতুসহ একাধিক প্রকল্পের ঘোষণা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের যোগাযোগ দ্রুততর করতে ফরাক্কার দ্বিতীয় সেতু উৎসর্গ করা হয়েছে বলে জানান তিনি, যা উত্তর-পূর্ব ভারত এবং নেপাল-ভুটানের সঙ্গে বাণিজ্য ও পর্যটনেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে তাঁর দাবি।

শুভেন্দু অধিকারী আরও জানান, জমির ব্যবস্থা হলে পশ্চিমবঙ্গের জন্য ১ লক্ষ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিতে কেন্দ্র প্রস্তুত বলে তাঁকে জানিয়েছেন গড়করি। পাশাপাশি রাজ্যে সড়ক দুর্ঘটনা কমাতে রাজ্য সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলেও আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

এরই সঙ্গে রাজ্যের জন্য একগুচ্ছ নতুন প্রকল্পের অনুরোধ নিতিন গড়করির সামনে রাখেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে রয়েছে ৭৫ কিলোমিটার দীর্ঘ কলকাতা-বনগাঁ-পেট্রাপোল জাতীয় সড়ক ৩৫-এর সম্প্রসারণ, ফলতা ও বাগনানের মধ্যে হুগলি নদীর ওপর সেতু, কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর ৩৫ কিমি দীর্ঘ জাতীয় সড়ক ১১৭-এর সম্প্রসারণ এবং জোকা-নামখানা ও নন্দকুমার-দিঘার মধ্যে চার লেনের রাস্তা নির্মাণ। এছাড়া উপকূলবর্তী অঞ্চলে আরও সেতু, গোসাবা সেতু, গোসাবা থেকে বনগাঁ জাতীয় সড়ক, দার্জিলিং-শিলিগুড়ি ও উত্তর-দক্ষিণবঙ্গ জাতীয় সড়কের কাজ দ্রুত শেষ করার আর্জি জানান তিনি। দুর্গাপুর ও জামশেদপুরের মধ্যে যোগাযোগ বাড়াতে সোনামুখী-মুকুটমণিপুর হয়ে পানাগড়-জামশেদপুর বিকল্প সড়কের প্রস্তাবও দেন মুখ্যমন্ত্রী। বক্তৃতার শেষে তিনি বলেন, নতুন সরকারের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের সাহায্য করা উচিত এবং জমি রাজ্য সরকার দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *