মুম্বইয়ের পর বেঙ্গালুরুতেও দিলজিতের কনসার্টে হুমকি! ২৬/১১-র দিনে তীব্র চাঞ্চল্য

মুম্বইয়ে অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’, বিএমসি (BMC) মেয়রের দফতর, মুম্বই মেট্রো এবং দিলজিৎ দোসাঁঝের কনসার্টসহ একাধিক জায়গায় বৃহস্পতিবার ফের বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। আগামী ২৭ নভেম্বর মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে দিলজিৎ দোসাঁঝের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্রের খবর, মুম্বইয়ে ২৬/১১ জঙ্গি হামলার ১৮তম বার্ষিকীর দিনেই এই হুমকির ইমেল আসে। মেয়র রিতু তাওয়াড়ে এবং বিএমসি কমিশনার অশ্বিনী ভিড়েকে লক্ষ্য করে ওই বার্তা পাঠানো হয়েছে বলে জানা গেছে। প্রেরক মুম্বইয়ে দিলজিৎ দোসাঁঝের কনসার্ট আয়োজিত হওয়ার প্রতিবাদে টানা ৩০ দিন ধরে গ্রেনেড হামলার হুমকি দিয়েছে।
জানা গেছে, ওই ইমেলে খালিস্তান, ১৯৮৪ সালের শিখ-বিরোধী হিংসা, বব্বর খালসা (পারমার-কানাডা) এবং খালিস্তান ন্যাশনাল আর্মির প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, দিলজিৎ দোসাঁঝের অনুষ্ঠান ঘিরে এমন হুমকি এই প্রথম নয়। এর আগে বেঙ্গালুরুতে তাঁর কনসার্টেও আইইডি (IED) বিস্ফোরণের হুমকি দিয়ে একটি ইমেল এসেছিল। মুম্বইয়ের অনুষ্ঠানের দুই দিন পর, আগামী ২৯ নভেম্বর মাডাভারার নাইস গ্রাউন্ডে বেঙ্গালুরুর কনসার্টটি হওয়ার কথা রয়েছে।