জোড়াফুল ও এআইটিসি কার? শুনানির আগে প্রতীক নিয়ে বিস্ফোরক শোভনদেব, তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা

তৃণমূল কংগ্রেসের নাম ও নির্বাচনী প্রতীক নিয়ে চলমান আইনি লড়াই এবার জাতীয় নির্বাচন কমিশনের দরজায় পৌঁছেছে। শুক্রবার দুপুর ৩টেয় এই মামলায় উভয় পক্ষের প্রতিনিধিদের প্রথম মুখোমুখি আইনি শুনানি হতে চলেছে। এই শুনানিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই তীব্র কৌতূহল ও তৎপরতা তৈরি হয়েছে।

সূত্রের খবর, শুক্রবারের শুনানিতে কালীঘাট তৃণমূলের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন, মহুয়া মৈত্র এবং দলের আরও এক আইনি উপদেষ্টা। দুই পক্ষের আইনি যুক্তি ও নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

শুনানির প্রাক্কালে ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’-এর প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ন্যায়সঙ্গত বিচার হলে দলীয় প্রতীক তাঁদেরই প্রাপ্য। তাঁর দাবি, দলনেত্রীর নেতৃত্বেই অনেকেই জয়ী হয়েছেন; অথচ এখন দলনেত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। দল গঠন থেকে শুরু করে বিভিন্ন পদ প্রাপ্তির পেছনে দল ও নেত্রীর অবদানই প্রধান বলে উল্লেখ করে তিনি জানান, প্রতীকের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে এবং নৈতিকতার ভিত্তিতে পিটিশন বিবেচিত হলে তাঁরা প্রতীক পাবেন বলে আশাবাদী।

উল্লেখ্য, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির এবং অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর মধ্যে নাম ও প্রতীক নিয়ে বিরোধ দীর্ঘদিন ধরেই চলছে। বিষয়টি গড়ায় আদালতে এবং পরবর্তীতে নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভার উপনির্বাচনের সময় নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশে কালীঘাট গোষ্ঠীকে ‘মমতা তৃণমূল’ এবং ঋতব্রতদের ‘গণতান্ত্রিক তৃণমূল’ নাম ব্যবহারের অনুমতি দেয়। তখন অস্থায়ীভাবে ‘মমতা তৃণমূল’ ‘বল পায়ে খেলোয়াড়’ এবং ঋতব্রত শিবির ‘খাম’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করলেও জোড়াফুল প্রতীক ও ‘এআইটিসি’ (AITC) নামের চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *