তিরুপতি মন্দিরে ১২১ কেজি সোনার অলঙ্কার দান! বাজারমূল্য ২০০ কোটি টাকারও বেশি, প্রকাশ্যে নয় দাতার পরিচয়

অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতি বালাজি মন্দিরে ভগবান শ্রী ভেঙ্কটেশ্বরের উদ্দেশে ১২১ কেজি সোনার অলঙ্কার দান করলেন এক নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসী ভারতীয় (NRI) ভক্ত। এই বিপুল পরিমাণ সোনার গয়নার আনুমানিক বাজারমূল্য ১৬০ থেকে ২০৬ কোটি টাকা বলে জানা গেছে।

মোট ৪৫টি সোনার অলঙ্কার নিয়ে তৈরি এই বিশেষ উপহারটি ন’টি পৃথক সেটে সাজানো হয়েছে। মূল বিগ্রহ এবং উৎসবের সময় ব্যবহৃত বিগ্রহকে সাজানোর জন্যই অলঙ্কারগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছে। এই সংগ্রহে রয়েছে শ্রীবারির বিশেষ সোনার মুকুট এবং পদ্ম পাদালু অর্থাৎ পবিত্র পদ্মাকৃতির চরণ অলঙ্কারসহ একাধিক ঐতিহ্যবাহী গয়না। ভগবান ভেঙ্কটেশ্বরকে মাথা থেকে পা পর্যন্ত সোনার অলঙ্কারে সাজিয়ে তোলার লক্ষ্যেই এই সম্ভার তৈরি করা হয়েছে বলে জানা গেছে।

সূত্রের খবর, চেন্নাইয়ের একটি প্রসিদ্ধ দোকানে অলঙ্কারগুলি তৈরি করা হয় এবং কড়া নিরাপত্তার মধ্যে সেগুলি তিরুমালায় আনা হয়েছে। মন্দির কর্তৃপক্ষের তরফে রঙ্গনায়কুলা মণ্ডপমে অলঙ্কারগুলি প্রদর্শনের বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যার জন্য তৈরি করা হয়েছে বিশেষ ডিসপ্লে র‍্যাক। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে তিরুমালা তিরুপতি দেবস্থানম (TTD) কর্তৃপক্ষের হাতে এই অলঙ্কারগুলি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার কথা রয়েছে।

একজন ভক্তের তরফে এত বিপুল পরিমাণ সোনার গয়না দানকে তিরুপতি মন্দিরের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে মনে করা হচ্ছে, যদিও দাতার পরিচয় এখনো গোপন রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *