২,৪০০ নিটস ডিসপ্লে ও ২৫ দিনের ব্যাটারি ব্যাকআপ! ১৪,৯৯৯ টাকায় ভারতে এল ভিভো ওয়াচ জিটি ২

ভারতের স্মার্টওয়াচ বাজারে পা রাখল ভিভো। বৃহস্পতিবার আয়োজিত এক ইভেন্টে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো এক্স৫০০-এর পাশাপাশি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হলো ভিভো ওয়াচ জিটি ২। এর আগে ২০২৫ সালের অক্টোবর মাসে চীনে প্রথম আত্মপ্রকাশ করেছিল এই স্মার্টওয়াচটি।
দাম ও প্রাপ্যতাভারতে ভিভো ওয়াচ জিটি ২-এর দাম নির্ধারণ করা হয়েছে ১৪,৯৯৯ টাকা। স্মার্টওয়াচটি অবসিডিয়ান ব্ল্যাক (Obsidian Black) এবং স্টেলার হোয়াইট (Stellar White)—এই দুটি রঙে পাওয়া যাবে। ভিভো ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট ও ই-স্টোর, ফ্লিপকার্ট, অ্যামাজনসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং অফলাইন রিটেল স্টোরে এটি বিক্রি হবে।
ডিসপ্লে ও ডিজাইনভিভো ওয়াচ জিটি ২-এ রয়েছে ২.০৭ ইঞ্চির আয়তকার ২.৫ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন ৪৩২ × ৫১৪ পিক্সেল। ডিসপ্লেতে ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ২,৪০০ নিটস পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। ১.৮ মিমি পাতলা বেজেলের এই স্ক্রিনের স্ক্রিন-টু-বডি রেশিও ৮২.৪ শতাংশ। স্মার্টওয়াচটির বডি বা কেস অ্যালুমিনিয়ামে তৈরি।
সফটওয়্যার, হেলথ ও কানেক্টিভিটিভিভোর নিজস্ব ব্লু রিভার অপারেটিং সিস্টেম (BlueOS 3.0)-এ চলবে এই স্মার্টওয়াচ। স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য এতে অপটিক্যাল হার্ট রেট সেন্সর ও ব্লাড অক্সিজেন (SpO2) সেন্সরের পাশাপাশি ঘুম, স্ট্রেস এবং মেন্সট্রুয়াল সাইকেল ট্র্যাকিংয়ের মতো সুবিধা রয়েছে। এছাড়া অ্যাক্সেলেরোমিটার, জাইরোস্কোপ, জিওম্যাগনেটিক সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর ও হল সেন্সর যুক্ত করা হয়েছে। ১০০টিরও বেশি স্পোর্টস মোড রয়েছে এতে। কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ ৫.৪, এনএফসি এবং জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও ও বেইডুর মতো স্যাটেলাইট পজিশনিং সুবিধা। জরুরি পরিস্থিতির জন্য এতে এসওএস অ্যাসিস্ট্যান্ট ফিচারও রাখা হয়েছে।
ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি লাইফের দিক থেকে এই স্মার্টওয়াচটি দীর্ঘ সময় ব্যাকআপ দেওয়ার দাবি করেছে ভিভো। কোম্পানির তথ্য অনুযায়ী, সিঙ্গল চার্জে সাধারণ ব্যবহারে এটি ১৪ দিন এবং পাওয়ার সেভিং মোডে সর্বোচ্চ ২৫ দিন পর্যন্ত চলতে পারে।