পুরনো দুর্গাপুর সেতুর বড় মেরামতি শুরু আগামী সপ্তাহে! পাশাপাশি হাওড়ার হিট সেতুর স্বাস্থ্য পরীক্ষা

উল্টোডাঙা ও ভিআইপি রোডের মধ্যে সংযোগ রক্ষাকারী পুরনো দুর্গাপুর সেতুর রাস্তা সংস্কারের উদ্যোগ নিল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। সেতুর উভয় দিকের রাস্তার অংশ সারাইয়ে আনুমানিক ১.২ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে এবং আগামী সপ্তাহ থেকেই কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। তবে কাজের সময় সেতুর দু’দিকে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য কলকাতা ট্রাফিক পুলিশের অনুমতির অপেক্ষায় রয়েছে কেএমডিএ।
সত্তরের দশকের মাঝামাঝি সময়ে নির্মিত প্রায় ২০০ মিটার দীর্ঘ এই সেতু কলকাতার একটি গুরুত্বপূর্ণ সংযোগপথ। বর্ষাকালে জল জমে উপরিভাগ নষ্ট হওয়া এবং নিয়মিত ভারী যানবাহন চলাচলের চাপে সেতুর রাস্তা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানা গেছে। আগে একাধিকবার প্যাচ মেরামতি করা হলেও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় এবার তুলনামূলক বড় পরিসরে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেএমডিএ আধিকারিকদের মতে, মেরামতির সময় প্রথমে সেতুর ক্ষতিগ্রস্ত বিটুমিনাস স্তর তুলে ফেলা হবে। এরপর নতুন রাস্তা তৈরিতে ম্যাস্টিক অ্যাসফল্ট ও কংক্রিট পেভার ব্লক ব্যবহার করা হবে। ট্রাফিক পুলিশের অনুমতি পাওয়ার পর কাজের সময়সূচি ও যান নিয়ন্ত্রণের চূড়ান্ত রূপরেখা তৈরি হবে। উল্টোডাঙা থেকে ভিআইপি রোড ও সংলগ্ন এলাকায় যাতায়াতের ক্ষেত্রে সেতুটি গুরুত্বপূর্ণ হওয়ায় কাজ চলাকালীন যানজটের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অন্যদিকে, হাওড়ার হিট (HIT) সেতুর কাঠামোগত স্বাস্থ্য পরীক্ষা (Structural Health Check-up) করারও সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ। কয়েক সপ্তাহ আগে হাওড়ামুখী পথে ঘাসবাগান থেকে হাওড়া স্টেশন যাওয়ার অংশে সেতুর ফুটপাথে ফাটল ও রেলিং হেলে পড়ার ঘটনা সামনে আসায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। সেই প্রেক্ষিতেই সেতুটির সামগ্রিক কাঠামোগত স্থিতিশীলতা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।