কলকাতায় লিয়েন্ডার পেজের কন্যা আয়ানা! ভারতের হয়ে খেলবেন কি না, কী বললেন কিংবদন্তি?

টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজের কন্যা আয়ানা পেজ এবার কলকাতায় এসেছেন। ভারতে এই প্রথমবার কোনও টুর্নামেন্ট খেলতে নেমেছেন তিনি। বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের আয়োজিত ITF W15 টুর্নামেন্টে অংশ নিতে কলকাতায় রয়েছেন লিয়েন্ডার-কন্যা, যেখানে তাঁর ডাবলস পার্টনার হিসেবে খেলছেন ভারতের আরজান খোরাকিওয়ালা। মেয়ের এই সফর নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত লিয়েন্ডার পেজ।
কিংবদন্তি লিয়েন্ডারের বর্ণময় কেরিয়ার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক টেনিস কোর্টে তিন দশকের বর্ণময় কেরিয়ার গড়েছেন লিয়েন্ডার পেজ। সিঙ্গলস থেকে ডাবলস স্পেশালিস্ট হয়ে ওঠা এই তারকার নামের পাশে রয়েছে মোট ১৮টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের সাফল্য—পুরুষদের ডাবলসে ৮টি এবং মিক্সড ডাবলসে ১০টি গ্র্যান্ড স্ল্যাম। ১৯৯৬ সালের অলিম্পিক্সে পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ জিতে টেনিসে ভারতের প্রথম অলিম্পিক্স পদক এনে দিয়েছিলেন তিনি। মহেশ ভূপতির সঙ্গে ‘লি-হেশ’ জুটি থেকে রাদেক স্তেপানেক, মার্টিনা নাভ্রাতিলোভা কিংবা কারা ব্ল্যাকের জুটিতে একের পর এক সাফল্য পেয়েছেন তিনি।
মাইকেল মধুসূদন দত্তর বংশধর লিয়েন্ডারের পরিবারে ক্রীড়া ঐতিহ্য গভীরভাবে প্রোথিত। তাঁর বাবা ভেস পেজ অলিম্পিক হকির ব্রোঞ্জজয়ী এবং মা জেনিফার ভারতীয় বাস্কেটবল জাতীয় দলের সদস্য ছিলেন। ১৯৯১ সালে জুনিয়র ইউএস ওপেন জয়ের পর থেকে ডেভিস কাপে অক্লান্ত লড়াই, সবচেয়ে বেশি ডাবলস জয়ের রেকর্ড এবং টানা সাতটি অলিম্পিক্সে অংশ নেওয়ার নজির গড়েছেন তিনি। ২০২০ সালে টেনিস থেকে অবসর নিলেও তাঁর সাফল্য ও জয়ের তাগিদ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে।
মেয়ে আয়ানাকে নিয়ে কী বলছেন লিয়েন্ডার? মেয়ে আয়ানার খেলা ও অগ্রগতি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন লিয়েন্ডার পেজ। তিনি বলেন, “আমরা গত পাঁচ বছর ধরে আয়ানাকে বিভিন্ন জায়গায় খেলতে পাঠাচ্ছি, যাতে ওর খেলার আরও উন্নতি হয়। ওর মধ্যে খেলা নিয়ে আবেগ রয়েছে। ফিটনেস, জয়ের মানসিকতা নিয়ে কাজ চলছে। ওর পড়াশোনাও চলছে। বাবা হিসাবে আমি গর্বিত।”
ভারতের হয়ে খেলবেন আয়ানা? আয়ানা বর্তমানে গ্রেট ব্রিটেনের বাসিন্দা। ভবিষ্যতে তিনি ভারতের হয়ে খেলবেন কি না, এই প্রশ্নে লিয়েন্ডার জানান, “এখন পাসপোর্টের নিয়মে অনেক বদল এসেছে। আগে একজনের দুটি পাসপোর্ট থাকত। এছাড়া কোনও ভারতীয়র ওসিআই কার্ড থাকলে ভারতের হয়ে খেলতে পারত। দেখা যাক কী হয়। তবে ও খুব দেশপ্রেমী। ওর জন্ম ভারতে।”