সুকমার জঙ্গলে বড় সাফল্য! বিপুল অস্ত্র ও ১০-১২ কেজির টিফিন আইইডি উদ্ধার

ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের সুকমা জেলায় বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। দুর্গম জঙ্গল-পাহাড়ি এলাকায় মাওবাদীদের লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। অভিযানে আটটি দেশি আগ্নেয়াস্ত্র, ১০ থেকে ১২ কেজির একটি তারহীন টিফিন আইইডি (IED), ২২৯টি কার্তুজসহ বিপুল পরিমাণ বিস্ফোরক ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে।
পুলিশ সূত্রে খবর, আত্মসমর্পণ করা নকশালদের কাছ থেকে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার যৌথ অভিযান চালানো হয়। চিন্তলনার থানা এলাকার গুন্ডরাজগুড়েম এবং রাসাপল্লীর জঙ্গলঘেরা পাহাড়ি এলাকায় জেলা পুলিশ, ডিআরজি (DRG) এবং বস্তার ফাইটার্সের যৌথ দল ‘এরিয়া ডমিনেশন’ ও তল্লাশি অভিযান শুরু করে। বস্তার রেঞ্জের আইজি বদ্রী নারায়ণ মীনা, সুকমার পুলিশ সুপার ময়ঙ্ক গুর্জর এবং অতিরিক্ত পুলিশ সুপার মনোজ তির্কি ও মনীষ কুঁওয়ারের তত্ত্বাবধানে এই অভিযান চলে। বুধবার দুপুরে রাসাপল্লীর জঙ্গল-পাহাড়ি এলাকায় তল্লাশি চালানোর সময়ই মাওবাদীদের লুকানো ওই ডাম্পের হদিস মেলে।
কী কী অস্ত্র ও কার্তুজ মিলেছে? নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, ডাম্প থেকে দুটি সিঙ্গেল শট রাইফেল ও ছয়টি বন্দুক মিলিয়ে মোট আটটি দেশি অস্ত্র উদ্ধার হয়েছে। এছাড়াও কার্তুজের মধ্যে রয়েছে:
-
একে-৪৭ (AK-47): ৯৮টি
-
এসএলআর (SLR): ৪৯টি
-
ইনসাস (INSAS): ৩৫টি
-
.৩০৩ (.303): ৩০টি
-
৯ এমএম পিস্তল (9mm): ১৩টি
-
১২ বোর (12 Bore): ৪টি
বিস্ফোরক ও অন্যান্য উদ্ধার সামগ্রী মাওবাদীদের ডাম্প থেকে ১০ থেকে ১২ কেজির একটি তারহীন টিফিন আইইডি, তিনটি দেশি হ্যান্ড গ্রেনেড, চারটি দেশি তির বোমা, ১০টি ইলেকট্রিক ডেটোনেটর এবং প্রায় পাঁচ কেজি গান পাউডার উদ্ধার হয়েছে। পাশাপাশি বড় ও মাঝারি মিলিয়ে পাঁচটি বিজিএল (BGL) সেল, ১১টি বিজিএল কার্তুজ, একটি রিমোট রিসিভার, প্রায় ৫০ মিটার কোডেক্স তার এবং প্রায় ১০০ মিটার ইলেকট্রিক তারও মিলেছে।
এরসঙ্গেই ইনসাস ও একে-৪৭-এর চারটি করে এবং স্টেন গানের দুটি ম্যাগাজিন, একটি মোটোরোলা ওয়্যারলেস সেট, ম্যানপ্যাক ওয়্যারলেস সেট চার্জার, বাওফেং ওয়্যারলেস সেটের তিনটি ব্যাটারি এবং চারটি ১২ ভোল্টের ব্যাটারি উদ্ধার হয়েছে। এ ছাড়া ১৫ জোড়া নকশালদের কালো ইউনিফর্ম, প্রায় ১৫ মিটার কমব্যাট ইউনিফর্মের কাপড়, তিনটি নীল ড্রাম, চারটি পিঠের ব্যাগ, দুটি ম্যাগাজিন পাউচ, দুটি কোমরের বেল্ট, এক বান্ডিল সিলিং পট্টি, ওষুধপত্র, নকশাল বইসহ অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।
উদ্ধার হওয়া সামগ্রী নিরাপদে সংগ্রহ করে নিয়ম মেনে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। সুকমা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে দুর্গম জঙ্গলে লুকিয়ে রাখা মাওবাদী ডাম্প উদ্ধারে এই তল্লাশি ও এরিয়া ডমিনেশন অভিযান আগামী দিনেও ধারাবাহিকভাবে চলবে।