ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার! চিনে ৪০%, ট্রেড ডিলে কমতে পারে হার?

ভারত থেকে আসা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর প্রস্তাব দিয়েছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন বাণিজ্য নীতির আওতায় এই পদক্ষেপ নিয়েছে। এই প্রস্তাবে ভারতসহ মোট ১৪টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চিনের ওপর ৪০ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ শুল্কের প্রস্তাব রয়েছে।

তবে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি হলে এই শুল্ক কমে ১৭ শতাংশে দাঁড়াতে পারে। আপাতত এই প্রস্তাব নিয়ে সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত নেওয়া হবে। তার পরেই মার্কিন সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দপ্তর গত মার্চে এ বিষয়ে তদন্ত শুরু করে। তদন্তে দেখা হয়েছে, অন্যান্য দেশ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত উৎপাদন ক্ষমতা ও পণ্য তৈরি করছে কি না। ওয়াশিংটনের অভিযোগ, বহু দেশ বাজারের চাহিদার চেয়ে বেশি পণ্য তৈরি করছে। এর ফলে বিশ্ববাজারে সরবরাহ বাড়ছে এবং দামের ওপর চাপ তৈরি হচ্ছে, যা মার্কিন দেশীয় শিল্পের ক্ষতি করছে বলে মনে করে ট্রাম্প প্রশাসন।

মার্কিন তদন্তে ব্যাটারি, সিমেন্ট, রাসায়নিক এবং প্রক্রিয়াজাত খাদ্যের মতো খাতগুলো ছিল। ট্রাম্প প্রশাসনের বক্তব্য, অতিরিক্ত উৎপাদন হলে সংস্থাগুলো কম দামে পণ্য বিক্রি করতে পারে, ফলে মার্কিন সংস্থাগুলোর প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ে।

ভারত ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন ও চিনের ওপর শুল্কের প্রস্তাব রয়েছে। জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, তাইওয়ান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড এবং কম্বোডিয়াও এই তালিকায় রয়েছে।

প্রস্তাবিত এই শুল্ক এখনই কার্যকর হচ্ছে না। প্রথমে জনমত ও আলোচনা হবে, প্রভাবিত দেশ ও ব্যবসায়িক পক্ষগুলো মতামত জানাতে পারবে এবং তার পরেই মার্কিন প্রশাসন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এক মার্কিন আধিকারিকের মতে, নতুন শুল্ক জানুয়ারিতে কার্যকর হতে পারে। যেসব দেশ ইতিমধ্যে শুল্ক নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা করেছে, তাদের সঙ্গে হওয়া বাণিজ্য সমঝোতাও বিবেচনায় রাখবে ট্রাম্প প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *