“ভ্লগ থেকে রিঅ্যাকশন ভিডিও”—সবই হবে এক ক্লিকে! হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বড় চমক

স্মার্টফোনে ছবি বা ভিডিও তোলার সময় সাধারণত সামনের কিংবা পেছনের ক্যামেরার যেকোনো একটি ব্যবহার করতে হয়। এ বার সেই অভিজ্ঞতায় বদল আনতে নতুন ডুয়াল ক্যামেরা ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ফোনের ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা একই সময়ে ব্যবহার করে ছবি তোলা এবং ভিডিও রেকর্ড করা যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়েবিটাইনফোর প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েড অ্যাপের ২.২৬.৪৬.৯ বিটা সংস্করণে এই ফিচারের দেখা মিলেছে। আপাতত এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য কবে উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
কীভাবে কাজ করবে ডুয়াল ক্যামেরা ও ছবি-ভিডিওর সুবিধা?
নতুন ফিচারটি ব্যবহার করতে হোয়াটসঅ্যাপের ক্যামেরা অপশনে গিয়ে উপরের ডানদিকে থাকা নতুন ক্যামেরা আইকনে ট্যাপ করতে হবে। এতে ডুয়াল ক্যামেরা মোড চালু হলে পেছনের ক্যামেরায় ধারণ করা দৃশ্য বড় পর্দায় দেখা যাবে এবং সামনের ক্যামেরায় ব্যবহারকারীর মুখের ভিডিও ছোট একটি উইন্ডোয় ভেসে উঠবে।
ছোট উইন্ডোটি পর্দার সুবিধামতো বিভিন্ন জায়গায় সরিয়ে নেওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি ক্যামেরা পরিবর্তনের বাটনে চাপ দিলে দুই ক্যামেরার দৃশ্যের অবস্থান অদলবদল করা যাবে, ফলে নিজের মুখের দৃশ্য বড় করে এবং সামনের পরিবেশের দৃশ্য ছোট উইন্ডোয় রাখা সম্ভব হবে।
এই সুবিধায় ছবি ও ভিডিও দুটোই ধারণ করা যাবে। তোলা ছবি বা রেকর্ডেড ভিডিওতে ক্যাপশন যুক্ত করা, প্রয়োজন অনুযায়ী সম্পাদনা করা এবং সরাসরি পরিচিতদের পাঠানোর সুবিধাও থাকবে। ভ্রমণের দৃশ্যের পাশাপাশি নিজের প্রতিক্রিয়া ধরা, ভ্লগ, রিঅ্যাকশন ভিডিও বা কোনো অনুষ্ঠান ধারণের ক্ষেত্রে কনটেন্ট নির্মাতাদের এটি বেশ কাজে আসতে পারে এবং আলাদা করে ভিডিও সম্পাদনার ঝামেলা কিছুটা কমাতে পারে।
হোয়াটসঅ্যাপের আরও কিছু পরীক্ষামূলক ফিচার
ডুয়াল ক্যামেরার পাশাপাশি ‘জেপস’ নামে আরেকটি মেসেজিং সুবিধা নিয়েও কাজ করছে হোয়াটসঅ্যাপ, যেখানে পাঠানো মেসেজ প্রাপক দেখার পর তাঁর চ্যাট থেকে অদৃশ্য হয়ে যেতে পারে, যদিও প্রেরকের চ্যাটে সেটি দেখা যেতে পারে। এ ছাড়া আইওএস ব্যবহারকারীদের জন্য একবার দেখার পর অদৃশ্য হয়ে যাওয়া ভিউ ওয়ান্স টেক্সট মেসেজ সুবিধাও পরীক্ষা করা হচ্ছে। এসব ফিচার এখনো পরীক্ষাধীন থাকায় চূড়ান্ত সংস্করণে নকশা বা কাজের ধরনে পরিবর্তন আসতে পারে।