পাতলা ল্যাপটপ কিনবেন? কেনার আগে যে ৪ টি বিষয় ভাবা প্রয়োজন

পাতলা ও হালকা ল্যাপটপ সহজে বহন করা যায় বলে বেশ জনপ্রিয়। তবে পুরুত্ব ও আকার কমাতে গিয়ে নির্মাতাদের কুলিং ব্যবস্থা ও পোর্টের মতো কিছু সুবিধায় ছাড় দিতে হয়। বহন করার সুবিধার কারণে অনেকের কাছে এসব সীমাবদ্ধতা বড় সমস্যা নয়, তবু কেনার আগে অসুবিধাগুলো জেনে নেওয়া জরুরি যাতে প্রয়োজন অনুযায়ী সঠিক মডেল বেছে নেওয়া যায়।
পোর্টের স্বল্পতা ও তাপ নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা
পাতলা ল্যাপটপের অন্যতম অসুবিধা হলো পোর্টের সংখ্যা কম থাকা। যেমন ম্যাকবুক এয়ার (এম৫)-এ দুটি থান্ডারবোল্ট ৪ পোর্ট ও একটি অডিও জ্যাক রয়েছে, আর ম্যাকবুক নিওতে রয়েছে দুটি ইউএসবি-সি পোর্ট ও একটি অডিও জ্যাক। কিছু উইন্ডোজ মডেলে পোর্ট তুলনামূলক বেশি থাকলেও সাধারণ ল্যাপটপের চেয়ে কম; ফলে ইথারনেট বা কার্ড রিডারের মতো সংযোগের জন্য আলাদা ইউএসবি-সি হাব বা ডকিং স্টেশন কিনতে হতে পারে, যা খরচ ও বহনের ঝামেলা বাড়ায়।
এ ছাড়া পাতলা গড়নে তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা অনেক সময় সীমিত থাকে। কোথাও ছোট কুলিং ফ্যান থাকে, আবার ম্যাকবুক এয়ারের মতো কিছু মডেলে কুলিং ফ্যানই নেই। ভারী কাজ বা জটিল সফটওয়্যার চালালে প্রসেসর দ্রুত গরম হতে পারে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে কার্যক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে কমে যায়। সাধারণ অফিসের কাজ বা ভিডিও দেখায় এর প্রভাব কম পড়লেও ভিডিও সম্পাদনা, এআই কাজ বা গেমিংয়ে পারফরম্যান্সে ঘাটতি দেখা দিতে পারে।
ব্যাটারির আয়ু ও ব্যবহারের আরাম
জায়গা কম থাকায় পাতলা ল্যাপটপে বড় ব্যাটারি বসানোর সুযোগ সীমিত থাকে, ফলে একবার চার্জে চলার সময় তুলনামূলক কম হতে পারে। উদাহরণস্বরূপ, ১৩ ও ১৫ ইঞ্চির ম্যাকবুক এয়ার (এম৫) সর্বোচ্চ ১৮ ঘণ্টা পর্যন্ত চলতে পারে, যেখানে ১৪ ইঞ্চির ম্যাকবুক প্রো (এম৫) চলে সর্বোচ্চ ২৪ ঘণ্টা। ফলে বাইরে দীর্ঘ সময় থাকলে ঘন ঘন চার্জ দেওয়া বা পাওয়ার ব্যাংক রাখার প্রয়োজন হতে পারে।
ব্যবহারের আরামের দিক থেকেও কিছু ঘাটতি থাকতে পারে। পাতলা গড়নে কিবোর্ডের বোতামের ট্রাভেল কম হওয়ায় দীর্ঘক্ষণ টাইপ করলে আঙুলে ক্লান্তি আসতে পারে, পাশাপাশি ধারালো প্রান্তে কবজিতে অস্বস্তি বা ভারী কাজের সময় কিবোর্ডের আশপাশ গরম হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। রাইজার, কুলিং প্যাড বা আলাদা কিবোর্ড ব্যবহার করে কিছুটা সুরাহা মিললেও সেসব সঙ্গে নিলে হালকা ল্যাপটপ বহনের মূল সুবিধা কিছুটা কমে যায়।