বাংলাদেশি’ তকমা দিয়ে তাড়ানোর অভিযোগ! দিনহাটায় হাবিবের দাবি ঘিরে শোরগোল

স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় বিপাকে পড়েছেন কোচবিহার জেলার বাসিন্দা আব্দুল হাবিব। ট্রাইব্যুনালে করা আবেদনেরও এখনও নিষ্পত্তি হয়নি। এই পরিস্থিতিতে মেয়ের জন্মের শংসাপত্র করাতে গিয়ে চরম সমস্যায় পড়েছেন তিনি। অভিযোগ, জন্মের শংসাপত্র করানোর জন্য রেসিডেন্ট সার্টিফিকেট প্রয়োজন, কিন্তু সেটি না মেলাতেই শংসাপত্র তৈরি করাতে পারছেন না হাবিব।
হাবিবের অভিযোগ, পঞ্চায়েতে প্রধান না থাকায় সেখান থেকে রেসিডেন্ট সার্টিফিকেট মেলেনি। এরপর তিনি বিধায়কের কাছে গিয়েছিলেন, কিন্তু সেখানেও সুরাহা হয়নি বলে দাবি করেছেন তিনি। হাবিব দিনহাটা বিধানসভা এলাকার বাসিন্দা এবং সেখানকার বিধায়ক বিজেপির অজয় রায়। এই অভিযোগ প্রসঙ্গে বিজেপি বিধায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।
হাবিবের এই অভিযোগ ঘিরে এলাকায় হইচই পড়ে গিয়েছে। কোচবিহার জেলার দিনহাটা-২ ব্লকের বিডিও লামু ওয়াই ওয়াংদি বলেন, “বিষয়টি জানি না। অভিযোগ এলে খতিয়ে দেখা হবে।”
জানা গিয়েছে, হাবিব কোচবিহারের দিনহাটা-২ ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের খাটামারি গ্রামের বাসিন্দা। গত ৮ সেপ্টেম্বর দিনহাটা মহকুমা হাসপাতালে তাঁর স্ত্রী কন্যা সন্তানের জন্ম দেন। দু’মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও মেয়ের জন্মের শংসাপত্র করাতে পারেননি হাবিব।
তাঁর বক্তব্য, “আমার সন্তানের জন্মের শংসাপত্রের প্রয়োজন। তার জন্য পঞ্চায়েত থেকে একটা রেসিডেন্ট সার্টিফিকেট প্রয়োজন হয়। সেজন্য পঞ্চায়েতে গিয়েছিলাম। সেখানে প্রধান নেই বলে বিধায়কের কাছে যেতে বলা হয়।” হাবিব জানান, এরপর তিনি দিনহাটার বিধায়ক অজয় রায়ের সঙ্গে যোগাযোগ করেন।
বিধায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে হাবিব বলেন, “বিধায়কের বাড়ি গিয়েছিলাম। তিনি প্রথমে আমার স্ত্রীর নাম ভোটার তালিকায় রয়েছে কি না দেখেন। সেটা ঠিক আছে। এরপর আমার নাম ভোটার তালিকায় আছে কি না দেখেন। সেখানে দেখা যায়, আমার নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গিয়েছে। সেই কারণে আমাকে রেসিডেন্ট সার্টিফিকেট দেওয়া হয়নি। আমাকে বাংলাদেশি বলল।”
উল্লেখ্য, গত বছরের শেষ থেকে চলতি বছরের শুরুতে যে এসআইআর প্রক্রিয়া চলেছে, সেই প্রক্রিয়ায় আব্দুল হাবিবের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যায়। যদিও তাঁর স্ত্রীর নাম ভোটার তালিকায় রয়েছে এবং ২০০২ সালের এসআইআর-এ তাঁর বাবার নামও ছিল বলে দাবি। ভোটার তালিকায় নাম ফিরে পেতে তিনি ইতিমধ্যেই ট্রাইব্যুনালে আবেদন করেছেন, কিন্তু তার নিষ্পত্তি এখনও পর্যন্ত হয়নি।
এই পরিস্থিতিতে হাবিব প্রশ্ন তুলেছেন, “আমার কাছে প্রয়োজনীয় নথি থেকে শুরু করে জন্ম শংসাপত্র রয়েছে। স্ত্রীর সব নথিও রয়েছে। তারপরও আমাকে রেসিডেন্ট সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। বিভিন্ন দফতরে ঘুরছি। সকলেই আমাকে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে। সব নথি থাকার পরও কেন আমি রেসিডেন্ট সার্টিফিকেট পাব না? কেন আমি মেয়ের জন্মের শংসাপত্র করাতে পারব না?”