‘প্রফিট না রেখে ব্যবসা কর’—মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই বড় সিদ্ধান্ত পোস্তা বাজারের

অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে বলে মঙ্গলবার ব্যবসায়ীদের কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরপরই নড়েচড়ে বসেছে পোস্তা বাজারের মার্চেন্ট অ্যাসোসিয়েশন। বুধবার জরুরি বৈঠকে বসে তারা এবং আগামী ১০ দিনের মধ্যে একাধিক পণ্যের দাম কমতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ওই অ্যাসোসিয়েশন।

বুধবার পোস্তার ব্যবসায়ীদের সঙ্গে জরুরি বৈঠকে বসে মার্চেন্ট অ্যাসোসিয়েশন। বৈঠকের পরই ব্যবসায়ীদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করা হবে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামল আগরওয়াল। সার্কুলার জারি করে ব্যবসায়ীদের এই বার্তা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এর ফলে দিন দশেকের মধ্যে সর্ষের তেলের দাম লিটার প্রতি ৪০ টাকা পর্যন্ত কমতে পারে এবং চিনির দাম কেজি প্রতি কমে ৬০ থেকে ৬২ টাকায় নামতে পারে বলে জানানো হয়েছে।

পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামল আগরওয়াল জানান, আপাতত কোনও লাভ না রেখে অথবা অত্যন্ত সামান্য লাভ রেখে ব্যবসা করার কথা বলা হয়েছে ব্যবসায়ীদের। তাঁর বক্তব্য, “ব্যবসায়ীদের বলব, মাস দুয়েক প্রফিট ছাড়া কাজ কর অথবা ৩-৪ শতাংশ লাভে ব্যবসা কর।”

উল্লেখ্য, মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কৃষি বিপণন দফতরের সঙ্গে একটি বৈঠক করেন। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কেন বাড়ছে, তা খতিয়ে দেখতে ময়দানে নামার নির্দেশ দেন তিনি টাস্ক ফোর্সকে। পাশাপাশি দাম কমানোর উদ্যোগ নিতে বলেন এবং প্রতি সপ্তাহে আধিকারিকদের বাজার কমিটিগুলোর সঙ্গে বৈঠকে বসার নির্দেশ দেন। বাজার নজরদারি ও সমন্বয়ের স্বার্থে একটি হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরিরও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *