‘শুভেন্দুর দয়ায় টিকে ঋত তৃণমূল’? স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে ভাইরাল ভিডিও, পাল্টা তোপ আখরুজ্জামানের!

বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গণতান্ত্রিক তৃণমূলের অস্তিত্ব টিকে রয়েছে শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দয়া-দাক্ষিণ্যে। মঙ্গলবার বিধাননগরে দলীয় কর্মীদের একটি বৈঠকে এই মন্তব্য করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন গণতান্ত্রিক তৃণমূলের বিধায়ক আখরুজ্জামান।
এদিকে স্বাস্থ্যমন্ত্রীর ওই মন্তব্যের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিয়োটি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মমতা-পন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ এবং সিপিআই(এম) নেতা শতরূপ ঘোষ। ডাঃ শারদ্বতের বক্তব্যকে হাতিয়ার করেই সরব হয়েছে বিরোধী শিবির।
ভাইরাল হওয়া ভিডিয়োয় স্বাস্থ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, “একটা মৃত তৃণমূল, একটা ঋত তৃণমূল। মৃত তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্রায় শেষ হয়ে গিয়েছে। আর ঋতব্রত তৃণমূলের মাথার উপর মুখ্যমন্ত্রীর হাত আছে বলে চলছে। যেদিন হাত সরিয়ে নেবেন, সেদিন ওরা শেষ হয়ে যাবে।”
শুভেন্দু অধিকারীর পুরনো মন্তব্যের প্রসঙ্গ টেনে শারদ্বত বলেন, “মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন, আমরা যদি চাই ২৮০টা আসনই আমাদের ভোট দেবে। মিথ্যা কথা কিছু বলেননি। মৃত তৃণমূলের কেউ নেই, আর ঋত তৃণমূলের সকলে আমাদের দয়া দাক্ষিণ্যে রয়েছে।” পাশাপাশি তিনি যোগ করেন, তৃণমূলকে হারানো বড় কাজ নয়, বরং এই মুহূর্তে বিজেপির আসল লড়াই মুষ্টিমেয় বামপন্থীদের বিরুদ্ধেই।
ভোটের ফল প্রকাশের পর তৃণমূল পরিষদীয় দলে ভাঙন ধরিয়ে বিরোধী দলনেতা হয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মমতা-মনোনীত শোভনদেব চট্টোপাধ্যায়ের বদলে ৫৮ জন বিধায়কের সমর্থন নিয়ে তিনি ওই পদ দখল করেন। অরূপ রায়ের নেতৃত্বে তৈরি হয় ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’ এবং দুই গোষ্ঠীর আইনি লড়াই এখন নির্বাচন কমিশন ও আদালতে বিচারাধীন। শুরু থেকেই মমতা শিবিরের অভিযোগ ছিল, এই ভাঙনের নেপথ্যে বিজেপির মদত রয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য সেই অভিযোগকেই নতুন মাত্রা দিয়েছে বলে মনে করা হচ্ছে।
এই সুযোগ হাতছাড়া করেননি মমতা-পন্থী নেতা কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “বিজেপির মনের কথা, উইশ লিস্ট স্বাস্থ্যমন্ত্রীর মুখে শুনুন। কাদের ওঁরা দয়া করে টিকিয়ে রাখছেন, তৃণমূলের বদলে কাদের ওঁরা একটু সামনে আনতে চান, সব পরিষ্কার হয়ে যাবে। এটাই তো আমরা বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকেই ওঁদের আসল ভয়।”
অন্যদিকে, স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ঋতব্রত গোষ্ঠীর বিধায়ক আখরুজ্জামান। তাঁর কথায়, “উনি শুনে রাখুন কারও দয়া, দাক্ষিণ্যে আমরা জিতে আসিনি। আমরা লড়াই করে জিতে এসেছি।” দলের ভাঙনের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, ৪ তারিখে ভোটের ফল বেরনোর পর নেত্রী আত্মসমালোচনা না করে ভাইপোকে সংবর্ধনা দিতে বাধ্য করেছিলেন। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সদিচ্ছা না দেখেই বিধায়কেরা ঋতব্রতকে নেতা বেছে নেন এবং হোটেলে বৈঠক করে অরূপ রায়কে দলের মাথায় বসান।
আখরুজ্জামানের তোপ, “বিজেপির নিজেরই ঠিক নেই, কোন নেতা কখন কী বলছেন। বিজেপির এমএলএ-রা বলছেন যে বিজেপি তোলাবাজদের দলে পরিণত হয়েছে। আবার কেউ বলছেন বিজেপি এখন লুটেপুটে খাচ্ছে।” আগামী ৪ তারিখ থেকে শুরু হতে চলা বিধানসভা অধিবেশনে শাসকদলকে কড়া টক্কর দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আসুন ফ্লোর টেস্ট করলে বোঝা যাবে ২৮০ নাকি ৮০।”
দলীয় মন্ত্রীর এমন মন্তব্যে কিছুটা অস্বস্তিতে পড়েছে বিজেপি শিবিরও। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “আমি যেটুকু বুঝেছি সেটা হল, বিরোধীরা এই মুহূর্তে অস্তিত্বহীন, সেটাই বলার চেষ্টা করছেন। বাকি উনি ঠিক কী বলতে চেয়েছেন, সেটা তাঁর কাছ থেকেই শুনুন।” তবে বিধানসভা অধিবেশনের ঠিক আগে স্বাস্থ্যমন্ত্রীর এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে তীব্র তরজা উসকে দিয়েছে।