পুলিশের ভয়ে পালিয়েছে’—আসানসোলে গুলি চালানোর অভিযোগে তীব্র চাঞ্চল্য, মাঠে শীর্ষ কর্তারা

লুঠপাট সহ একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে এমন এক দুষ্কৃতীকে গ্রেফতার করতে গিয়ে ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটল। বুধবার বিকেলে এই ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমানের আসানসোলে।
আসানসোল দক্ষিণ থানার পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে অভিযুক্ত প্রতাপ দাস ওরফে প্যাঁওয়ের বিরুদ্ধে। পুলিশের উপস্থিতি টের পেতেই আচমকা গুলি চালিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় সে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় আসানসোলের ইসমাইল এলাকার গুরুনানক পল্লীতে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা।
প্রতাপের স্ত্রী জানিয়েছেন, “গুলি চালিয়েছিল কি না বলতে পারব না, তবে পুলিশের ভয়ে পালিয়ে গিয়েছে। পুলিশ কোনও অভিযোগ ছাড়াই বারবার আমার স্বামীকে হেনস্তা করতে গ্রেফতার করে।” অন্যদিকে, আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস বলেন, “অভিযুক্তের বিরুদ্ধে তল্লাশি শুরু হয়েছে। দ্রুত আমরা তাকে ধরে ফেলব।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে প্যাঁওয়ের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই তার খোঁজ চালাচ্ছিল পুলিশ। বুধবার গোপন সূত্রে খবর আসে যে, ইসমাইলের গুরুনানক পল্লী এলাকায় নিজের বাড়িতে রয়েছে ওই অভিযুক্ত। সেই খবরের ভিত্তিতেই তাকে গ্রেফতার করার উদ্দেশ্যে অভিযানে নামে আসানসোল দক্ষিণ থানার পুলিশের একটি দল।
জানা গিয়েছে, বুধবার বিকেল সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে পুলিশের দলটি গুরুনানক পল্লীতে পৌঁছয়। অভিযুক্তের বাড়িতে পুলিশ পৌঁছতেই পরিস্থিতি আচমকাই বদলে যায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে প্রতাপ দাস তাদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। আচমকা এই ঘটনায় পুলিশকর্মীরা বিপদের মুখে পড়েন। এরপরই সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। ফলে তাকে গ্রেফতার করার অভিযান কার্যত ব্যর্থ হয়।