হাত নাড়ালেই খুলবে দরজা! 3D ফেস ও 2K ক্যামেরা নিয়ে এল শাওমির নতুন স্মার্ট লক

স্মার্টফোনের পাশাপাশি ঘরের নিরাপত্তার পণ্যেও নতুনত্ব আনছে শাওমি। বাড়ির নিরাপত্তা আরও জোরদার করতে চীনে নতুন Smart Door Lock 5 Face Recognition Edition লঞ্চ করেছে সংস্থাটি। চাবি বা আঙুলের ছাপের পাশাপাশি মুখ দেখিয়ে কিংবা দূর থেকে হাত নাড়িয়ে দরজা খোলার সুবিধা রয়েছে এই মডেলে। Smart Door Lock 5 এবং 5C মডেলের পর এবার ১৩ ধরনের আনলক সুবিধাসহ এই নতুন সংস্করণটি বাজারে আনা হয়েছে।

এই স্মার্ট লকে রয়েছে ডুয়াল-লেন্স যুক্ত 3D ফেস রেকগনিশন প্রযুক্তি। দরজার সামনে এলে এক সেকেন্ডের মধ্যেই এটি ব্যবহারকারীর মুখ শনাক্ত করে দরজা খুলে দিতে পারে। ১.২ মিটার উচ্চতার শিশু থেকে শুরু করে ২ মিটার লম্বা প্রাপ্তবয়স্ক—সবার ক্ষেত্রেই ০.৪ থেকে ০.৮ মিটার দূরত্ব থেকে মুখ স্ক্যান করতে সক্ষম এটি। ছবি বা ভিডিও দেখিয়ে প্রতারণার চেষ্টা আটকাতে এতে 3D Liveness Detection প্রযুক্তি রাখা হয়েছে, যা অন্ধকারেও সমানভাবে কাজ করে।

যাঁদের হাতের রেখা অস্পষ্ট, হাত ভেজা বা নোংরা কিংবা ছোট বাচ্চাদের সুবিধার জন্য এতে Contactless Palm Vein সুবিধা যুক্ত করা হয়েছে। সেন্সরের ১২ থেকে ২০ সেন্টিমিটার দূরে হাতের তালু ধরলে নিয়ার-ইনফ্রারেড লাইটের মাধ্যমে ত্বকের নিচের রক্তনালীর বিন্যাস স্ক্যান করে এক সেকেন্ডের মধ্যেই দরজা খুলে যায়।

ফেস এবং পাম স্ক্যানারের পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট, স্থায়ী ও অস্থায়ী পাসওয়ার্ড, ব্লুটুথ, মোবাইল অ্যাপের মাধ্যমে রিমোট আনলক এবং জরুরি অবস্থার জন্য সাধারণ চাবির বিকল্প রয়েছে। শাওমির ফোন, স্মার্টওয়াচ, ব্যান্ড এবং NFC কার্ড দিয়েও এটি আনলক করা যাবে। দরজার বাইরে কে রয়েছেন তা স্পষ্ট দেখতে এতে ১৬০ ডিগ্রি অ্যাঙ্গেলের 3MP 2K ক্যামেরা বসানো হয়েছে। দরজার সামনে সন্দেহজনক কারও উপস্থিতি টের পেলে রাডার সেন্সর স্বয়ংক্রিয়ভাবে ভিডিও রেকর্ড করে ফোনে অ্যালার্ট পাঠায়। দরজার ভেতরের দিকে রয়েছে ৩.৯৭ ইঞ্চির স্ক্রিন, যেখানে ডোরবেল বাজলে বাইরের ব্যক্তির ছবি দেখা যায়। বাইরে থাকলেও মোবাইল থেকে ভিডিও কলে কথা বলে দরজা খোলার সুবিধা আছে। এছাড়া দরজা ঠিকমতো বন্ধ না হলে বা লক ভাঙার চেষ্টা হলে অ্যালার্ম বেজে ওঠে।

ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে এতে থাকা 5,000mAh লিথিয়াম ব্যাটারি প্রায় ৪ মাস পর্যন্ত চলতে পারে। এর চার্জ শেষ হয়ে গেলে ভেতরে থাকা ৪টি AA ব্যাটারি সক্রিয় হয়ে আরও ৬ মাস পর্যন্ত লকটিকে চালু রাখতে পারে। একদম চার্জ ফুরিয়ে গেলে বাইরে থাকা USB-C পোর্টের মাধ্যমে পাওয়ার ব্যাঙ্ক লাগিয়ে দরজা খোলার ব্যবস্থাও রাখা হয়েছে। বর্তমানে চীনে এই স্মার্ট ডোর লকের প্রি-সেল চলছে, যার দাম নির্ধারিত হয়েছে ২,১১৬ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ২৫,০০০ টাকা)। সরকারি ভর্তুকিতে এটি ১,৭৯৯ ইউয়ানে (প্রায় ২১,৫০০ টাকা) মিলছে। চীনের বাইরে অন্য কোনো দেশে কবে এটি আসবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *