ভোররাতে নাকা চেকিংয়ে বড় সাফল্য! ঝাড়গ্রাম সীমান্তে বালি বোঝাই ডাম্পার বাজেয়াপ্ত, তোলা হল আদালতে

ঝাড়খণ্ড থেকে বাংলায় অবৈধভাবে বালি পাচারের চেষ্টা বানচাল করল গোপীবল্লভপুর থানার পুলিশ. মঙ্গলবার সকালে ওড়িশা সীমান্তবর্তী হাতিবাড়ি নাকা পয়েন্টে অভিযান চালিয়ে বালি বোঝাই তিনটি ডাম্পার আটক করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে তিন চালককে. পুলিশের অভিযোগ, বালি পরিবহণের বৈধ চালান ও প্রয়োজনীয় নথিপত্র দেখাতে না পারায় ডাম্পারগুলি আটক করা হয়.

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গোপীবল্লভপুর থানার আইসি অজয় কুমার সিংয়ের নেতৃত্বে হাতিবাড়ি নাকা পয়েন্টে বিশেষ নজরদারি চালানো হচ্ছিল. মঙ্গলবার সকালে গোপীবল্লভপুর-হাতিবাড়ি রাজ্য সড়ক ধরে যাওয়ার সময় বালি বোঝাই তিনটি ডাম্পার পুলিশের নজরে আসে.

সন্দেহ হওয়ায় গাড়িগুলি থামিয়ে চালকদের কাছে বালি পরিবহণের বৈধ চালান এবং গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান পুলিশকর্মীরা. অভিযোগ, প্রথমে চালকেরা চালান দেখাতে গড়িমসি শুরু করেন. পরে নথিপত্র পরীক্ষা করে বৈধ কাগজপত্র না মেলায় তিনটি ডাম্পারই আটক করে পুলিশ এবং গ্রেফতার করা হয় তিন চালককে.

পুলিশের হাতে ধৃত তিন চালকের নাম শ্যামসুল হক, গানোয়ারি সিং এবং সুভাষ মাইতি. তাঁদের মধ্যে শ্যামসুল হকের বাড়ি উত্তর দিনাজপুর জেলার বড়শহর গ্রামে. গানোয়ারি সিং বিহারের লহরমিয়া গ্রামের বাসিন্দা এবং সুভাষ মাইতির বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার আন্দুলিয়া গ্রামে.

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের সরাইকেল্লা থেকে বালি নিয়ে বাংলায় প্রবেশের চেষ্টা করা হচ্ছিল. তবে ঠিক কোথা থেকে বালি সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য মেলেনি.

এই ঘটনার নেপথ্যে কোনও বড় পাচারচক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা. বালি পরিবহণের সঙ্গে আর কারা যুক্ত, সেই বিষয়েও তদন্ত শুরু হয়েছে. বুধবার ধৃত তিন জনকে ঝাড়গ্রাম আদালতে পেশ করে পুলিশ.

সীমান্তবর্তী এলাকায় পুলিশের এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা. অবৈধ বালি পরিবহণ রুখতে এলাকায় পুলিশের নজরদারি আরও বাড়ানোর দাবি উঠছে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *