২০২৭-এর লড়াইয়ে ‘পদ্ম’ই সবকিছু! কেশব মৌর্যের মন্তব্যের পর যোগীর বিস্ফোরক পাল্টা বার্তা

আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, সেই জল্পনায় এবার জল ঢাললেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, দলের ‘পদ্ম’ প্রতীকই তাঁর কাছে সর্বোচ্চ এবং “কে কী, তা সবাই জানে।” যোগীর সাফ কথা, তিনি নিজে এবং বিজেপির সমস্ত প্রার্থীই পদ্ম প্রতীকের হয়ে লড়াই করবেন।

একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “প্রত্যেককে পদ্ম প্রতীকেই লড়তে হবে। আমি নিজেও পদ্ম প্রতীকেই লড়াই করব। আমাদের কাছে পদ্মফুলই সবকিছু। কে কী এবং কে কী নয়, তা সকলেরই জানা।”

উল্লেখ্য, কয়েক দিন আগেই উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য মন্তব্য করেছিলেন যে, ২০২৭-এর নির্বাচনে বিজেপি কোনও নির্দিষ্ট ব্যক্তির মুখের বদলে দলের প্রতীক অর্থাৎ ‘পদ্ম’-এর নামেই ভোট চাইবে। নির্বাচনের পর নির্বাচিত বিধায়ক ও কেন্দ্রীয় পর্যবেক্ষকদের আলোচনায় নেতা ঠিক হবে বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। মৌর্যের সেই মন্তব্যের পরপরই যোগী আদিত্যনাথের এই বক্তব্য রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিনের অনুষ্ঠানে যোগী আদিত্যনাথকে প্রশ্ন করা হয়, আগামী বছর তিনি কোন আসন থেকে নির্বাচনে লড়ার পরিকল্পনা করছেন? জবাবে মুখ্যমন্ত্রী জানান, “আমি গোরক্ষপুর থেকে লড়ি; ওই আসন থেকেই লড়ে আসছি। দল যা সিদ্ধান্ত নেবে, আমি সেখান থেকেই লড়াই করব।”

২০২৭-এর নির্বাচনকে ঘিরে উত্তরপ্রদেশে এনডিএ-র শরিক দল—নিষাদ পার্টি এবং সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির (এসবিএসপি) সঙ্গে বিজেপির মতবিরোধের জল্পনাও এদিন সরাসরি উড়িয়ে দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “এনডিএ আলাদা আলাদা দিকে টানাটানি করা কোনও দলগুলির ভিড় নয়, বরং এটি একটি দল (টিম), যারা এক টেবিলে মুখোমুখি বসে সরাসরি কথা বলে এবং একসঙ্গে সিদ্ধান্ত নেয়।”

বিরোধী শিবিরের আসন রফার টানাপড়েনকে কটাক্ষ করে যোগী বলেন, “এটি সমাজবাদী পার্টি (সপা) এবং কংগ্রেসের জন্যও একটি বার্তা—কুস্তি এভাবে হয় না; এটি সামনাসামনি হয়, যেখানে সবাই টেবিলের চারপাশে একসঙ্গে বসে। আমাদের এখানে কোনও বিবাদ নেই।” প্রসঙ্গত, আসন সমঝোতা নিয়ে বর্তমানে সপা এবং কংগ্রেসের জোটের অন্দরে টানাপড়েন চলছে, সেই দিকেই ইঙ্গিত করে এই খোঁচা দেন যোগী।

এদিন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের প্রস্তাবিত অযোধ্যা সফর নিয়েও তীব্র আক্রমণ শানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি কটাক্ষ করে বলেন, যাঁরা দুই নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করেন, শেষ পর্যন্ত তাঁদের ডুবতেই হয়।

নব্বইয়ের দশকের প্রসঙ্গ টেনে যোগী বলেন, “নব্বইয়ের দশকে সপা নেতৃত্ব যদি সামান্য বিচক্ষণতার পরিচয় দিত, তবে রামভক্তদের উপর গুলি চলত না। তাঁদের এখন রামভক্ত এবং হিন্দুদের কাছে ক্ষমা চাওয়া উচিত।” আক্রমণের সুর আরও চড়িয়ে যোগী যোগ করেন, “‘রাধে রাধে’ তো সবে শুরু; সমাজবাদী পার্টির জন্য ‘রাম নাম সত্য হ্যায়’-এর সময় ঘনিয়ে আসছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *