১০ হাজার ফুট উচ্চতায় কড়া নজর! উপত্যকায় লুকিয়ে থাকা বিদেশি জঙ্গিদের ছক বানচালে বড় অভিযান

জম্মু ও কাশ্মীরে স্থানীয় জঙ্গিদের সংখ্যা শূন্যে নেমে আসার পর এবার বিদেশি সন্ত্রাসবাদীদের নির্মূল করতে বড়সড় অভিযানে নামল নিরাপত্তাবাহিনী. গোয়েন্দা সূত্রে খবর, বর্তমানে উপত্যকায় অন্তত ৬৫ জন বিদেশি জঙ্গি সক্রিয় রয়েছে, যাদের মধ্যে প্রায় ৫৫ জনই পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ এবং লস্কর ই তৈবার সঙ্গে যুক্ত. বাকি ১০ জন বড় জঙ্গি গোষ্ঠীর মদতপুষ্ট ছোট ছোট সংগঠনের সদস্য. সম্প্রতি পাকিস্তান থেকে অনুপ্রবেশ করে উপত্যকায় ফের জঙ্গি নেটওয়ার্ক চাঙ্গা করার এবং নাশকতা চালানোর ছক কষছে তারা.

নিরাপত্তা সংস্থাগুলি ইতিমধ্যেই জঙ্গিদের সাহায্যকারী বেশ কয়েকজন স্থানীয় সহযোগী বা ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে চিহ্নিত করেছে এবং তাদের গতিবিধির ওপর কড়া নজর রাখা হচ্ছে. দুর্গম পাহাড়ি এলাকা ও ঘন জঙ্গলে লুকিয়ে থাকা এই বিদেশি জঙ্গিদের কোণঠাসা করতে জম্মু ও কাশ্মীরের প্রত্যন্ত অঞ্চলে ৮০টিরও বেশি অস্থায়ী অপারেটিং বেস তৈরি করেছে নিরাপত্তাবাহিনী. এর মধ্যে বেশ কয়েকটি ঘাঁটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১০,০০০ ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত.

ভারতীয় সেনা, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী এই ঘাঁটিগুলিতে মোতায়েন রয়েছে. মূলত পহেলগাঁও জঙ্গি হামলার পর ২০২৫ সালের জুলাই মাসে শ্রীনগরের ফকির গুজরি এলাকায় প্রথম এই ধরনের অস্থায়ী ঘাঁটি তৈরি করা হয়েছিল. পরবর্তীকালে নজরদারি জোরদার করতে এবং জঙ্গিদের পাহাড়ি আস্তানা গুঁড়িয়ে দিতে সমস্ত সংবেদনশীল উঁচু এলাকায় এই কৌশল নেওয়া হয়েছে.

গোয়েন্দাদের অনুমান, জঙ্গিরা বর্তমানে ঘন জঙ্গল, পাহাড়ি গুহা এবং গ্রীষ্মকালে মেষপালকদের ব্যবহৃত মাটি ও পাথরের তৈরি অস্থায়ী কুঁড়েঘর বা ঢোকে আত্মগোপন করে আছে. প্রথাগত যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলায় তাদের অবস্থান শনাক্ত করা কিছুটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে. তবে স্থানীয় গোয়েন্দা তথ্য ও চরদের সূত্র কাজে লাগিয়ে দুর্গম এলাকাগুলিতে চিরুনি তল্লাশি চালিয়ে যাচ্ছে বাহিনী.

উল্লেখ্য, সম্প্রতি কুলগামে এক এনকাউন্টারে লস্কর কমান্ডার লতিফ ভাটের মৃত্যুর পর কাশ্মীর উপত্যকাকে স্থানীয় জঙ্গিমুক্ত বলে ঘোষণা করেছে নিরাপত্তা সংস্থাগুলি. গত দু’বছরে প্রায় আধ ডজন স্থানীয় জঙ্গি খতম হওয়ার পাশাপাশি নতুন করে স্থানীয় যুবকদের জঙ্গি সংগঠনে নিয়োগ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় উপত্যকায় সন্ত্রাসবাদী নেটওয়ার্ক বড়সড় ধাক্কা খেয়েছে. এবার বিদেশি জঙ্গিদেরও পুরোপুরি সাফ করতে মরিয়া হয়ে উঠেছে নিরাপত্তাবাহিনী.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *