কাজ শুরুর আগেই বাধা? কোলাঘাটে ছাই খাদান দখল-বিরোধ ঘিরে তুমুল গণ্ডগোল, নামল পুলিশ

কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রিত ছাই খাদানে কাজ শুরু করাকে কেন্দ্র করে বুধবার সকালে তীব্র উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। দীর্ঘদিন বন্ধ থাকার পর জেলা পরিষদের নির্দেশে বাড়বহলা গ্রামের ৪ নম্বর ছাই খাদানে বুধবার থেকে ফের কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কাজ শুরু হতেই বাধার মুখে পড়ে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা। এই ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে আসে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের অধীনস্থ ৪ নম্বর ছাই খাদানে বেশ কিছুদিন ধরে কাজ বন্ধ ছিল। জেলা পরিষদের নির্দেশে বুধবার সকাল থেকে পুনরায় কাজ শুরু করার তোড়জোড় চলছিল। সেই মতো দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার কর্মীরা কাজে হাত দিতে গেলে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।

এরপরই ঘটনাস্থলে বিজেপির দুই গোষ্ঠীর সদস্যদের মধ্যে বচসা শুরু হয় এবং অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডার পাশাপাশি হাতাহাতির ঘটনাও ঘটে। যার জেরে ছাই খাদানের কাজ শুরু করা নিয়ে তীব্র অচলাবস্থা তৈরি হয়।

গণ্ডগোলের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কোলাঘাট থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ হস্তক্ষেপ করে। বেশ কয়েক ঘণ্টা কাজ বন্ধ থাকার পর অবশেষে পুলিশের হস্তক্ষেপে ছাই খাদানে ফের কাজ শুরু হয়।

ছাই খাদানে কাজ শুরুকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর এই সংঘাত ঘিরে এলাকায় জোর রাজনৈতিক জল্পনা ও চর্চা শুরু হয়েছে। ঠিক কী কারণে দুই গোষ্ঠীর মধ্যে এই বিরোধ ও হাতাহাতি, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *