ওয়েলনেস ট্রাভেলে ১৬০০% লাফ! অচেনা গন্তব্য আর একদিনের সফরে নয়া ভ্রমণ-চমক

মাসখানেক আগে থেকে লম্বা ছুটির ছক কষে কোথাও ঘুরতে যাওয়ার দিন এখন কার্যত অতীত। ভারতীয় পর্যটকদের ভ্রমণ পরিকল্পনায় বড়সড় বদল এসেছে বলে জানাচ্ছে গুগল ইন্ডিয়া টিমের প্রকাশিত ‘ট্রাভেল ট্রেন্ডস’ (Google Travel Trends) রিপোর্ট। গত ২৩ নভেম্বর প্রকাশিত এই প্রতিবেদনে উঠে এসেছে পর্যটকদের নতুন পছন্দ ও প্রবণতার নানা তথ্য।

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এই রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ভারতীয়রা অনেক বেশি হঠাৎ করে উইকএন্ড ট্রিপ, একদিনের ছোট্ট সফর এবং ‘সোলো’ ট্রিপের দিকে ঝুঁকছেন। চেনা বা প্রচলিত দর্শনীয় স্থান কিংবা ঐতিহ্যশালী জায়গা দেখার তালিকা বা চেকলিস্ট ধরে ঘোরার প্রবণতা কমছে। তার বদলে মানসিক প্রশান্তি ও অচেনা জায়গা ঘুরে দেখার আগ্রহ বাড়ছে মানুষের মধ্যে। পরিসংখ্যান বলছে, বর্তমানে গুগলে ‘হিডেন জেমস ইন্ডিয়া’ (Hidden Gems India) লিখে সার্চ বেড়েছে ৪০০ শতাংশ। পাশাপাশি শরীর ও মানসিক সুস্থতাকে গুরুত্ব দিয়ে ‘ওয়েলনেস ট্রাভেল’ সংক্রান্ত সার্চ ১,৬০০ শতাংশ এবং ‘ফিটনেস ট্রিপ’-এর খোঁজ ৯৫০ শতাংশ বেড়েছে। এর পাশাপাশি লাইভ ইভেন্ট এবং ‘স্লো ট্র্যাভেল’ বা ধীরসুস্থে কোনও অঞ্চল ঘুরে দেখার প্রতিও আগ্রহ বাড়ছে।

দূষণ থেকে বাঁচতে কিংবা মনোরম আবহাওয়া উপভোগ করতে কমদিনের ছুটির চাহিদাও দ্রুত বাড়ছে। গত এক বছরে ‘ওয়ান ডে ট্রিপ নিয়ার মি’ (One Day Trip Near Me) লিখে গুগলে সার্চ বেড়েছে ১৩০ শতাংশ, যার মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। ভ্রমণের ক্ষেত্রে থাকার জায়গা বাছাইয়ের সময় পর্যটকেরা এখন নিজেদের ব্যক্তিগত পছন্দ ও জীবনযাত্রাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। ফলে ‘পেট ফ্রেন্ডলি হোটেল’ ও ‘অ্যাফোর্ডেবল হোমস্টে’-র খোঁজও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

এ বছর ভ্রমণ মানচিত্রে আরও একটি বড় পরিবর্তন চোখে পড়েছে। ‘সোলো ট্র্যাভেল’ বা একা কোথাও ঘুরতে বেরিয়ে পড়া এখন আর কেবল কোনও শখ নয়, বরং মূলধারার ট্রেন্ডে পরিণত হয়েছে। সোলো ট্র্যাভেল গাইড বা খরচের হিসাব জানার পাশাপাশি ঘুরতে যাওয়ার জন্য সমমনস্ক মানুষ খোঁজার আগ্রহও বাড়ছে। তারই প্রমাণ মিলেছে গুগলে ‘ট্রাভেল কমিউনিটি’ লিখে সার্চ করার হারও ৪০০ শতাংশ বৃদ্ধি পাওয়ার তথ্যে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *