খেলতে খেলতে ১১ তলা থেকে নীচে পড়ে গেল ৬ বছরের শিশু! ভাসাইয়ে মর্মান্তিক মৃত্যু

খেলার ছলে বারান্দা থেকে পড়ে চরম পরিণতি হলো এক শিশুর। মুম্বইয়ের কাছে ভাসাইয়ে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে। একটি বহুতল আবাসনের ১১ তলা থেকে খেলার সময় নীচে পড়ে মৃত্যু হল মাত্র ছ’বছরের এক শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভাসাইয়ের নাইগাঁও পূর্ব এলাকার ‘নবকার টাওয়ার’-এ।

আবাসনের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ১১ তলায় নিজেদের ফ্ল্যাটের বাইরের বারান্দায় পাশের ফ্ল্যাটের একটি মেয়ের সঙ্গে খেলছিল ছোট্ট মিলিত। খেলার সময় সে হঠাৎই একটি জুতো রাখার তাকের উপর উঠে পড়ে, তারপর সেখান থেকে খোলা জানালা দিয়ে সোজা নীচে পড়ে যায়। ঘটনার পরপরই বাড়ির লোকজন ও প্রতিবেশীদের ভয়ে ছোটাছুটি করতে দেখা গিয়েছে ওই ফুটেজে।

নীচে থাকা একটি পাইপের উপর পড়ায় মাথায় ও শরীরে মারাত্মক চোট পায় শিশুটি। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানান। এই ঘটনায় নাইগাঁও থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালের ২২ জুলাই ‘নবকার বিল্ডার্স’-এর তৈরি অন্য একটি বহুতলের ১২ তলা থেকে পড়ে গিয়ে চার বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *