আয়বহির্ভূত সম্পত্তি মামলা: রাহুল গান্ধীর আবেদনে সুপ্রিম কোর্টের বড় পদক্ষেপ, নতুন বেঞ্চ গঠনের নির্দেশ

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগ খতিয়ে দেখতে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডিকে দেওয়া এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বুধবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, বিষয়টি নতুন করে শুনানির জন্য এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি নয়া বেঞ্চ গঠন করতে হবে।

বিজেপির এক কর্মীর দায়ের করা আবেদনের ভিত্তিতে গত মে মাসে এলাহাবাদ হাইকোর্ট সিবিআই ও ইডিকে নির্দেশ দিয়েছিল যে, অভিযোগ যাচাই করে তদন্তের অগ্রগতি জানিয়ে হলফনামা জমা দিতে হবে। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাহুল গান্ধী। তাঁর আবেদনের শুনানিতেই বুধবার এই রায় দিয়েছে শীর্ষ আদালত।

প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি হয়। ওই বেঞ্চের অপর দুই বিচারপতি ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনা। শুনানিতে রাহুল গান্ধীর পক্ষ থেকে আপত্তি জানানো হয় যে, তাঁকে না জানিয়েই একতরফাভাবে হাইকোর্ট ওই নির্দেশ জারি করেছে। সেই আপত্তি গ্রহণ করেই হাইকোর্টের নির্দেশ বাতিল করে সুপ্রিম কোর্ট এবং নতুন বেঞ্চ গঠনের নির্দেশ দেয়।

এর আগে গত ১৭ অগস্ট সুপ্রিম কোর্ট রাহুলের আবেদনে নোটিস জারি করে মে মাসের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআই, ইডি বা অন্য কোনও সংস্থাকে রিপোর্ট জমা দিতে বারণ করেছিল। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মামলার শুনানি স্থগিত রাখার নির্দেশও দেওয়া হয়েছিল।

বুধবারের শুনানিতে মামলাকারী নিজেকে সাক্ষী দাবি করে নিরাপত্তার আবেদন জানালেও মূল অভিযোগের গুণাগুণ নিয়ে কোনও নির্দেশ দিতে অস্বীকার করে সুপ্রিম কোর্টের বেঞ্চ। অন্যদিকে রাহুলের পক্ষে সওয়াল করা প্রবীণ আইনজীবী কপিল সিবাল এবং আইনজীবী এস প্রসন্ন এই আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের দাবি, একই অভিযোগ নিয়ে ওই আবেদনকারী ২০২৪ সাল থেকেই বারবার নানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *