সেরা প্রাক্তনীদের মিলবে ‘ডিএ-জেইউ’ সম্মাননা! সমাবর্তন নিয়ে কী আশ্বাস দিলেন উপাচার্য?

ঠিক একমাস পর, অর্থাৎ ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৬৯তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠিত হতে চলেছে। সেই অনুষ্ঠান ঘিরে বিশ্ববিদ্যালয়ের বিধি ও আইনি প্রক্রিয়া যথাযথভাবে মেনে চলার দাবি জানিয়ে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকে চিঠি দিল যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) ইউনিট। উপাচার্যকে দেওয়া ওই চিঠিতে একাধিক দাবি জানিয়েছেন সংগঠনের দুই সদস্য কিশলয় রায় এবং তীর্থরাজ বর্ধন।

টিএমসিপির চিঠিতে কী কী দাবি?

চিঠিতে তাঁদের বক্তব্য, অতীতে সমাবর্তনকে কেন্দ্র করে একাধিক প্রশাসনিক বিতর্ক ও প্রক্রিয়াগত ত্রুটির অভিযোগ উঠেছে, যার প্রভাব পড়েছে অনুষ্ঠানের বৈধতা ও গ্রহণযোগ্যতা নিয়ে। তাই আগামী সমাবর্তনের আগে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বাধ্যতামূলক স্ট্যাটিউটরি প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন তাঁরা। বিশেষ করে দ্রুত এক্সিকিউটিভ কাউন্সিল (ইসি) এবং প্রয়োজন অনুযায়ী ইউনিভার্সিটি কোর্টের বৈঠক ডাকার দাবি করা হয়েছে।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতি, ঐতিহ্য ও প্রক্রিয়াগত নিয়ম মেনেই সমাবর্তনের প্রস্তুতি সম্পন্ন করার দাবি জানানো হয়েছে। প্রশাসনিক গাফিলতির কারণে কোনও পড়ুয়ার পড়াশোনা, উচ্চশিক্ষা বা ভবিষ্যতের কর্মজীবন যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে দিকেও নজর দেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা। বিশ্ববিদ্যালয়কে কোনও রাজনৈতিক বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে রাখার কথাও উল্লেখ করেছে তৃণমূল ছাত্র পরিষদ।

উপাচার্যের আশ্বাস ও নতুন সম্মাননা

টিএমসিপির চিঠির জবাবও দিয়েছেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, সমাবর্তন নিয়ে তাঁদের উদ্বেগের বিষয়গুলো তিনি পেয়েছেন এবং তা গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিধিবদ্ধ প্রক্রিয়া মেনে এবং যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে অনুষ্ঠান সম্পন্ন করতে কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন যাদবপুরের উপাচার্য।

প্রতিবছরের মতো এ বছরেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হবে ২৪ ডিসেম্বর। সমাবর্তনের দিন বিশ্ববিদ্যালয়ের সেরা প্রাক্তনীদের বিশেষ সম্মানে ভূষিত করার উদ্যোগ নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ‘ডিস্টিংগুইসড অ্যালুমনাই– জেইউ অ্যাওয়ার্ড’ বা ‘ডিএ-জেইউ’ (DA-JU) সম্মাননা। ২০২৬ সাল থেকেই শুরু হয়ে গেল তার কাজ; ইতিমধ্যে এ বছরের সমাবর্তন অনুষ্ঠানে ‘ডিএ-জেইউ’ সম্মাননা প্রদানের তালিকা তৈরি করে ফেলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগের ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে সফলভাবে প্রতিষ্ঠিত হওয়া ব্যক্তিদের কৃতিত্ব সকলের সামনে তুলে ধরা সম্ভব হবে। পাশাপাশি প্রাক্তনীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ আরও সুদৃঢ় হবে। জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখা প্রাক্তনীরা এই পুরস্কারের জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *