ছুটিতে বাড়ি ফেরার পথে বাইকের ধাক্কায় প্রাণ গেল ২৩ বছরের সিআইএসএফ জওয়ানের

দুই বাইকের সংঘর্ষে প্রাণ হারালেন সিআইএসএফ (CISF)-এর এক ২৩ বছরের জওয়ান। গুজরাটের জুনাগড় জেলার মালিয়া হাটিনায় এই দুর্ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার ঘটনার কথা জানিয়েছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার রাতে বাইক নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়েন দিগ্বিজয়সিংহ সিসোদিয়া নামের ওই জওয়ান। পুলিশ সূত্রে খবর, দিগ্বিজয়সিংহ দিল্লি মেট্রোয় সিআইএসএফ-এ কর্মরত ছিলেন এবং ১০ দিনের ছুটিতে নিজের বাড়ি মালিয়া হাটিনায় এসেছিলেন।
বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ফিরছিলেন জওয়ান
জানা গেছে, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি ফিরছিলেন তিনি। এক পুলিশ আধিকারিকের কথায়, পেট্রল পাম্পের কাছে অন্য একটি বাইকের সঙ্গে তাঁর বাইকের প্রচণ্ড জোরে ধাক্কা লাগে। এই দুর্ঘটনায় অপর বাইকে থাকা দু’জন গুরুতর আহত হয়েছেন।
ঘটনায় অপর বাইকটির চালক রাজবীর বালগারিয়ার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং মোটর ভেহিকলস অ্যাক্টের নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুরো ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।
কনৌজে স্কুলবাসে ট্রাকের ধাক্কা, মৃত ৪ পড়ুয়া
অন্যদিকে, তাজমহল দেখতে গিয়েছিল পড়ুয়ারা, কিন্তু ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। উত্তরপ্রদেশের কনৌজে এই পথদুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন চার পড়ুয়া। মঙ্গলবার সকালে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ের ধারে দাঁড়িয়ে থাকা একটি স্কুলবাসে সজোরে ধাক্কা মারে বেপরোয়া একটি ট্রাক। এই ঘটনায় ২৪ জন পড়ুয়াসহ মোট ৩২ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৬টা নাগাদ ঠাঠিয়া এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। কৌশাম্বীর ওরিয়েন্টাল পাবলিক স্কুলের ওই বাসটি আগ্রার তাজমহল ঘুরিয়ে পড়ুয়াদের নিয়ে ফিরছিল। জানা গেছে, বাসে মোট ৫০ জন ছিলেন এবং রাস্তার ধারে বাস দাঁড় করিয়ে পড়ুয়ারা শৌচকর্ম সারতে নেমেছিল।
ঠিক সেই সময়ই পিছন দিক থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলবাসটিতে ধাক্কা মারে। ধাক্কার জোরে বাসের পিছনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। আহতদের তালিকায় স্কুলের আট জন কর্মীও রয়েছেন।
কনৌজের পুলিশ সুপার বিনোদ কুমার জানান, খবর পেয়েই পুলিশকর্মী, এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ (ইউপিইআইডিএ)-এর কর্মী এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। এর পর বাস থেকে আহত পড়ুয়াদের বার করে অ্যাম্বুল্যান্সে স্থানীয় মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা চার জন পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন।