কাটিগড়া সীমান্তে কর্তব্যরত অবস্থায় উধাও জওয়ান কে. ভেনু! কী ঘটল বরাক নদীর পাড়ে?

অসমের কাছাড় জেলার কাটিগড়া সীমান্তে কর্তব্যরত অবস্থায় নিখোঁজ হলেন বিএসএফ (BSF)-এর ৭৫তম ব্যাটালিয়নের এক কনস্টেবল। সোমবার ভোরে হরিনগর বর্ডার আউটপোস্ট (বিওপি) এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ কনস্টেবলের নাম কে. ভেনু (জিডি); তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।
পাচারকারীদের ধাওয়া করতে গিয়েই বিপত্তি?
বিএসএফ সূত্রে খবর, চার-পাঁচজনের একটি দল সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা করছে বলে গোয়েন্দা তথ্য আসে। সেই তথ্যের ভিত্তিতে অভিযানে নামেন হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব এবং কনস্টেবল কে. ভেনু। বিএসএফ জওয়ানদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা বরাক নদীতে ঝাঁপ দেন। তাঁদের ধাওয়া করতে দুই বিএসএফ জওয়ানও নদীতে নামেন। একপর্যায়ে জিতেন্দ্র যাদব নিরাপদে নদী থেকে ফিরে আসতে পারলেও নিখোঁজ হয়ে যান কে. ভেনু।
অপহরণের জল্পনা খারিজ, নদীতে তল্লাশি
প্রথমে আশঙ্কা করা হয়, বরাক নদীতে তলিয়ে গেছেন ওই কনস্টেবল। পরবর্তী সময়ে ভারতীয় সূত্রের একাংশে তাঁকে অপহরণ করে বাংলাদেশের দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়। তবে এই দাবির কোনও সরকারি নিশ্চয়তা মেলেনি।
বিএসএফের ডিজি প্রবীণ কুমার অপহরণের সম্ভাবনা খারিজ করে জানিয়েছেন, এমন কোনও ঘটনা ঘটেনি। বরাক নদীতে নিখোঁজ কনস্টেবলের খোঁজে তল্লাশি অভিযান চলছে এবং উদ্ধারকাজে প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম ও সংস্থান মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ফলে কে. ভেনুর নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়; তাঁর সন্ধানে বরাক নদীতে তল্লাশি চালাচ্ছে বিএসএফ।