তদন্ত হোক, আমার ভূমিকাও খতিয়ে দেখা উচিত’: সিঙ্গুর নিয়ে বিস্ফোরক রবীন্দ্রনাথ ভট্টাচার্য

টাটার কারখানা হওয়ার জন্য নেওয়া জমি কৃষকদের ফিরিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই সময় জমিতে সরষের বীজ ছড়িয়ে দিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সিঙ্গুরের জমিকে চাষের যোগ্য করে তোলার জন্য ব্যবস্থা নেবে সরকার। এবার সেই জমি চাষযোগ্য করার সরকারি বরাদ্দ কোথায় গেল, তা নিয়ে প্রশ্ন তুললেন মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি অভিযোগ করেছেন আর্থিক দুর্নীতির।
মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা করলেন বিধায়ক
আজ সিঙ্গুরের বিজেপি বিধায়ক অরূপ কুমার দাস মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা করতে যান এবং তাঁদের মধ্যে কথা হয়। এই সাক্ষাৎ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, “সিঙ্গুরের বিধায়ক শুধু আমার সঙ্গে কথা বলেছেন এমন নয়। সকলের সামনেই তিনি বললেন, দলের নির্দেশেও বটে, আবার ব্যক্তিগত বিবেচনাতেও বটে, সর্ব প্রকারে শিল্পায়নের ক্ষেত্রে সহায়তা করবেন। যদি কোনও অসুবিধা থাকে, সেই অসুবিধাও দূর করবেন।”
বিনিয়োগ কবে আসবে, সে বিষয়ে বিধায়ক কিছু জানিয়েছেন কি না—এমন প্রশ্নে প্রাক্তন বিধায়ক বলেন, “যদিও শিল্প নিয়ে কথা কতদূর এগিয়েছে, বিনিয়োগ কবে আসবে, সেই নিয়ে কিছু এখনও বলেননি। কোনও তারিখ উল্লেখ করে কিছু বলেননি তিনি। তবে তিনি শিল্পায়নের পক্ষে কাজ করছেন। আর সেই মতো ভূমিকা নিয়ে প্রচারও করছেন।”
রবীন্দ্রনাথ ভট্টাচার্য আরও জানান, “কী করতে হবে সেটা বিধায়ক মশাই বলেননি। তিনি বলেছেন, যত প্রকার করা সম্ভব তাঁর পক্ষে, তিনি তত প্রকার ভূমিকা নিয়ে সাহায্য করবেন। তবে এখনও জমি দিতে অনিচ্ছুক কেউ রয়েছেন কি সিঙ্গুরে, সেটা আমি বলতে পারব না। এখনও কেউ আত্মপ্রকাশ করে বলেনি, আমি জমি দেব না।”
জমি চাষযোগ্য করার তহবিল নিয়ে বিস্ফোরক অভিযোগ
এর আগে জমি চাষযোগ্য করে দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা নিয়ে এদিন মুখ খোলেন সিঙ্গুরের মাস্টারমশাই তথা প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তাঁর কথায়, “সেই নিয়ে অনেক ডুপ্লিসিটি হয়েছে। অর্থ তছরুপ হয়েছে। নিশ্চয় হয়েছে। যে ভাবে কাজ করার প্রয়োজন ছিল, সেই ভাবে কাজ করা হয়নি। তদন্ত হোক। কীভাবে সেই জমিকে চাষযোগ্য করে তোলার জন্য কত টাকা এসেছে, কার হাত দিয়ে এসেছে, কীভাবে এসেছে এবং সেই টাকার মূল দায়িত্ব কার ওপর ছিল, এসব আমরা কিছুই জানি না। কিন্তু এটুকু জেনেছি, কাজ হয়নি।”
‘সবার ভূমিকাই খতিয়ে দেখা উচিত’
রবীন্দ্রনাথ ভট্টাচার্যের মতে, প্রত্যেকের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন—এমনকি তাঁর নিজের ভূমিকাও খতিয়ে দেখা উচিত। তিনি বলেন, “বেচারাম মান্না তো মন্ত্রী অনেকদিনই ছিলেন। তবে হরিপালের বিধায়ক ছিলেন তিনি। হরিপালে থাকলেও তিনি সিঙ্গুরে ভূমিকা নিয়েছিলেন। সকলের ভূমিকা আমি বলব। সবার ভূমিকা খতিয়ে দেখা উচিত। আমার ভূমিকাও খতিয়ে দেখা উচিত।”