দিল্লিতে জোড়া রাজনৈতিক চমক: অধ্যক্ষকে উত্তর NCPI সাংসদদের, এনডিএ-তে ফিরল শিরোমণি অকালি দল

কেন তাঁদের সাংসদ পদ খারিজ করা হবে না—তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা সেই প্রশ্নের জবাব দেওয়ার শেষ দিনে অবশেষে মুখ খুললেন এনসিপিআই (NCPI) সাংসদরা। বারংবার সময়সীমা বাড়ানোর পর অধ্যক্ষের তরফে দেওয়া ‘শেষ সুযোগ’-এর মধ্যেই ২০ জন সাংসদ আলাদাভাবে চিঠি পাঠিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।
চিঠিতে সাংসদরা জানিয়েছেন যে তাঁরা এনসিপিআই-তেই রয়েছেন এবং সংবিধানের কোনও নিয়ম লঙ্ঘন করেননি। এনসিপিআই সাংসদ অরূপ চক্রবর্তীর দাবি, বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৈরি হওয়া পরিস্থিতিতে দল ও সংগঠন টিকিয়ে রাখার স্বার্থেই তাঁরা আলাদা টিম গঠন করে এনসিপিআই-তে যোগ দেন এবং পরে এনডিএ-কে সমর্থনের সিদ্ধান্ত নেন। তাঁদের যুক্তি, সংখ্যাগরিষ্ঠ অংশ হিসেবে তাঁদের অবস্থানই সাংবিধানিকভাবে গ্রাহ্য হওয়া উচিত। অন্যদিকে, দলত্যাগ বিরোধী আইনের দশম তফসিল অনুযায়ী এই সাংসদদের পদ খারিজের দাবিতে সরব তৃণমূল।
৬ বছর পর ফের এনডিএ-তে শিরোমণি অকালি দল, ২০২৭-এ একসঙ্গে লড়াই
দীর্ঘ ছয় বছরের বিচ্ছেদের পর ফের বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (NDA)-এ ফিরল পঞ্জাবের অন্যতম প্রধান আঞ্চলিক দল শিরোমণি অকালি দল (SAD)। আগামী ২০২৭ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে যৌথ সাংবাদিক সম্মেলনে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল।
জোট ঘোষণার মঞ্চ থেকে অমিত শাহ স্পষ্ট করে দেন, পঞ্জাবের আসন্ন নির্বাচনে বিজেপি ও শিরোমণি অকালি দল যৌথভাবে লড়বে এবং এনডিএ ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন অকালি দলের পক্ষ থেকেই। পুরনো জোটের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে অমিত শাহ বলেন, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী ও প্রকাশ সিং বাদলের সময় থেকেই এই সম্পর্ক গভীর এবং গুরুপূরবের দিনে পুরনো সঙ্গী ফেরায় এনডিএ পূর্ণতা পেল। পঞ্জাব থেকে মাদক নির্মূল, দুর্নীতি দমন এবং হিন্দু-শিখ সম্প্রীতি বজায় রাখাকেই জোটের প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেন তিনি, পাশাপাশি ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পঞ্জাবকে মাদকমুক্ত করার সময়সীমাও বেঁধে দেন।
অন্যদিকে, সুখবীর সিং বাদল এই জোটকে পঞ্জাবের শান্তি ও উন্নয়নের স্বার্থে ‘আবেগপ্রবণ ও ঐতিহাসিক’ পদক্ষেপ বলে অভিহিত করেন। বর্তমান আম আদমি পার্টি (AAP) সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি দাবি করেন, পঞ্জাবকে বাঁচাতে ‘ডবল ইঞ্জিন’ সরকারের বিকল্প নেই। ২০২০ সালে কৃষি আইনের বিরোধিতায় এনডিএ ছাড়ার পর এই প্রত্যাবর্তন আগামী নির্বাচনে পঞ্জাবের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করল বলে মনে করছেন পর্যবেক্ষকরা।