উন্নয়নের টানেই দলবদল? চোপড়া, বসিরহাট থেকে গোয়ালপোখর—তৃণমূলে ভাঙন ধরিয়ে বড় ছক NCPI-এর?

বসিরহাটের পর এবার চোপড়া। রাজ্য রাজনীতিতে নিচুতলায় শক্তি বাড়াতে শুরু করেছে এনসিপিআই (NCPI)। মঙ্গলবার চোপড়া পঞ্চায়েত সমিতির ১৯ জন সদস্য কসবায় এনসিপিআই-এর কার্যালয়ে এসে দলীয় পতাকা হাতে তুলে নিলেন। আগে তাঁরা সকলেই তৃণমূল করতেন বলে জানা গেছে। দলবদলের পর তাঁদের বক্তব্য, এলাকার উন্নয়নের স্বার্থেই তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন তাঁরা।
এর আগেই বসিরহাটে তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগদানের ঢেউ দেখা গিয়েছিল। দলের তরফে দাবি করা হয়েছে, বসিরহাট এলাকায় তৃণমূলের দখলে থাকা ১৩টি গ্রাম পঞ্চায়েত এবং একাধিক পঞ্চায়েত সমিতি ইতিমধ্যেই তাদের হাতের মুঠোয় এসেছে। ২৩ আসনের মিনাখাঁ পঞ্চায়েত সমিতিতে সহ-সভাপতি-সহ ১৩ জন সদস্য এনসিপিআই-তে যোগ দিয়েছেন। সভাপতির বিরুদ্ধে অনাস্থা আসার পর মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি সইফুদ্দিন মোল্লা ইস্তফা দেন। পাশাপাশি, ২০ আসনের কুলটি পঞ্চায়েতেও উপপ্রধান-সহ ১৩ জন সদস্য তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে নাম লিখিয়েছেন বলে দাবি করা হয়েছে, ফলে ওই পঞ্চায়েতও দখলের পথে রয়েছে তারা।
এই রাজনৈতিক ভাঙন শুধু বসিরহাট বা চোপড়ার মধ্যেই সীমাবদ্ধ নেই বলেই দাবি করা হচ্ছে। গোয়ালপোখর, সন্দেশখালি এবং ইসলামপুরের মতো এলাকাতেও একের পর এক দলবদলের ছবি সামনে আসছে। সব মিলিয়ে, জেলার পর জেলায় তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগদানের প্রবণতা রাজ্যের স্থানীয় স্তরের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে।