১৫০ টাকার সরষের তেল ২৩০ টাকা, চিনিও চড়া! বাজারদর নিয়ে নবান্নে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

গত এক মাসে রাজ্যের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ করে চিনি ও সরষের তেলের চড়া দাম নিয়ে মঙ্গলবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে প্রশাসনিক আধিকারিক এবং ব্যবসায়ী সংগঠনগুলোকে কড়া বার্তা দিলেন তিনি। বাজারদর নিয়ন্ত্রণে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি)-এর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে ফড়ে ও দালালচক্রের দৌরাত্ম্য কমাতে উৎপাদকদের কাছ থেকে সরাসরি পণ্য কেনার ওপর জোর দিয়েছেন তিনি। বাজারের পরিস্থিতি পর্যালোচনায় প্রতি সোমবার ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত বৈঠকে বসার নির্দেশও দেওয়া হয়েছে।
নবান্ন সূত্রে খবর, গত কয়েক সপ্তাহে পাইকারি ও খুচরো বাজারে চিনি এবং ভোজ্যতেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কিছুদিন আগেও পাইকারি বাজারে যে চিনি কেজি প্রতি ৫০ থেকে ৫৫ টাকায় পাওয়া যেত, বর্তমানে তার দাম বেড়ে হয়েছে প্রায় ৬৫ টাকা। একইভাবে লিটার প্রতি ১৫০ টাকার সরষের তেল এখন খুচরো বাজারে ২১০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ। আলু ও বিভিন্ন শাকসবজির দামও বেশ চড়া। নিত্যপ্রয়োজনীয় পণ্যের এই মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের, বিশেষত মধ্যবিত্তের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি পর্যালোচনায় কৃষি ও কৃষি বিপণন দফতরের সচিব এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী।
ইবি-র ভূমিকা নিয়ে প্রশ্ন ও জেলায় নজরদারি
বৈঠকে সরষের তেল ও চিনির দাম বৃদ্ধির কারণ জানতে চান শুভেন্দু অধিকারী। বাজারদর নিয়ন্ত্রণে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ কেন যথাযথ ভূমিকা নিতে পারছে না, তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। মূল্যবৃদ্ধি রুখতে ইবি-কে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রতিটি জেলায় কৃষি বিপণন দফতরের আধিকারিকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার কথাও বলা হয়েছে।
প্রশাসনিক মহলের মতে, বাজারের ওপর নজরদারির ক্ষেত্রে কৃষি বিপণন দফতরের জেলা স্তরের আধিকারিকদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। স্থানীয় বাজারে কোন পণ্যের কতটা জোগান রয়েছে, কোথায় দাম অস্বাভাবিকভাবে বাড়ছে এবং কোন স্তরে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রয়েছে, সে সম্পর্কে তাঁদের কাছে নির্দিষ্ট তথ্য থাকে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জেলা স্তরে নজরদারি আরও জোরদার করতে বলেছেন মুখ্যমন্ত্রী।
ফড়ে রুখতে সরাসরি সংগ্রহ, ব্যবসায়ীদের বার্তা
মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে ফড়ে ও মধ্যস্বত্বভোগীদের ভূমিকা। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে কি না, তা খতিয়ে দেখার ওপর জোর দিয়েছেন শুভেন্দু। তাঁর নির্দেশ, যতটা সম্ভব মাঝখানের দালালচক্র এড়িয়ে সরাসরি কৃষক ও উৎপাদকদের কাছ থেকে পণ্য সংগ্রহ করতে হবে। এতে একদিকে উৎপাদকরা ন্যায্য দাম পাবেন, অন্যদিকে পাইকারি ও খুচরো বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন। এই কাজে কৃষি বিপণন দফতরকে অগ্রণী ভূমিকা নিতে বলা হয়েছে।
বৈঠকে ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিদেরও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার ব্যবসার পরিবেশ বজায় রাখতে সব রকম সহযোগিতা করছে বলে জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের স্বার্থে বাজারদর নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব ব্যবসায়ীদেরও নিতে হবে। তাঁর কথায়, “আপনাদের আমরা সহযোগিতা করি, আপনারাও আমাদের সহযোগিতা করুন।” বিশেষ করে সরষের তেল ও চিনির দাম কমানোর জন্য ব্যবসায়ী সংগঠনগুলোকে উদ্যোগী হতে বলেছেন তিনি। আলু এবং অন্যান্য আনাজপাতির দামও যাতে সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে, তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতি সোমবার বৈঠক, সচিব স্তরে হোয়াটসঅ্যাপ গ্রুপ
বাজারের পরিস্থিতির ওপর নিয়মিত নজরদারি এবং প্রশাসনিক দফতরগুলোর মধ্যে দ্রুত যোগাযোগ বজায় রাখতেও একাধিক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সচিব পর্যায়ে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির কথা বলা হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন জেলার বাজারদর, পণ্যের জোগান এবং মূল্যবৃদ্ধি সংক্রান্ত তথ্য দ্রুত আদানপ্রদান করা যাবে। পাশাপাশি প্রতি সোমবার ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে বাজারের পরিস্থিতি পর্যালোচনা করবেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকেরা।
নিত্যপণ্যের দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের দৈনন্দিন খরচে। বিশেষ করে রান্নার তেল, চিনি, আলু ও আনাজের মতো পণ্যের দাম বাড়লে সংসারের মাসিক বাজেটে চাপ তৈরি হয়। তাই শুধু প্রশাসনিক নজরদারি নয়, উৎপাদক থেকে ক্রেতা পর্যন্ত সরবরাহ ব্যবস্থায় মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ এবং ব্যবসায়ী মহলের সহযোগিতাকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছে নবান্ন। নিয়মিত বৈঠক ও নজরদারির নির্দেশে বাজারে আদৌ দামের লাগাম টানা যায় কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল।