স্বাভাবিক বন্ধুত্ব’, বলছে বিজেপি-অকালি জোট: করতারপুর করিডর ও মাদক নিয়ে কী ঘোষণা অমিত শাহের?

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পঞ্জাবের রাজনীতিতে বড়সড় বদল। ছয় বছর পর ফের হাত মেলাল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং শিরোমণি অকালি দল (এসএডি)। মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দফতরে দুই দলের জোটের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। পঞ্জাবের বিধানসভা নির্বাচনে দুই দল একসঙ্গে লড়াই করবে বলে জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এবং অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল।

বিজেপি-অকালির জোট ‘স্বাভাবিক বন্ধুত্ব’ : প্রধানমন্ত্রী

দিল্লিতে এই ঘোষণার পরই এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি লেখেন, “পঞ্জাব ও পঞ্জাবিদের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে! আমি অত্যন্ত আনন্দিত যে শিরোমণি অকালি দল এনডিএ পরিবারে ফিরে এসেছে, আর তাও আবার শ্রী গুরু নানক দেব জির প্রকাশ পর্বের পবিত্র তিথিতে।”

প্রধানমন্ত্রী আরও লেখেন, “আমাদের এই জোট একটি স্বাভাবিক বন্ধুত্ব, যা পঞ্জাবে এমন এক জনকল্যাণমুখী শাসন নিশ্চিত করবে, যা রাজ্যকে অগ্রগতির নতুন উচ্চতায় নিয়ে যাবে। অটলজি, আডবাণীজি এবং সর্দার প্রকাশ সিং বাদলজির হাতে গড়ে ওঠা অকালি দল-বিজেপি জোট সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমি নিশ্চিত যে, আমাদের এই জোট পঞ্জাবের জনগণের কাছে পছন্দের বিকল্প হিসেবে উঠে আসবে।”

বিজেপির সঙ্গে জোটে পঞ্জাবে অকালি দলই বড়ভাই : অমিত শাহ

অকালি দলের এনডিএ-তে প্রত্যাবর্তনের ঘোষণা উপলক্ষে আয়োজিত সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনিও অটল-আডবাণী থেকে প্রকাশ সিং বাদলের প্রসঙ্গ তুলে ধরেন। অমিত শাহ বলেন, “আমাদের প্রধানমন্ত্রী, বাদল সাহেব, অটলজি এবং আডবাণীজির মধ্যে বহু বছর ধরে এক গভীর সম্পর্ক রয়েছে। বিজেপি এবং অকালি দলের মধ্যেও রয়েছে অত্যন্ত গভীর সম্পর্ক। বাদল সাহেবের নেতৃত্বে অকালি দল আমাদের দীর্ঘতম মিত্র হিসেবে পাশে থেকেছে। আমরা একসঙ্গে অনেক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। কখনও জিতেছি, কখনও হেরেছি, কিন্তু আমাদের সম্পর্ক অটুট থেকেছে। আজ, এই সম্পর্ক আবারও নতুন করে জোড়া লেগেছে এবং এতে আমরা অত্যন্ত আনন্দিত।”

তিনি জানান, এনডিএ পরিবারের সদস্য বৃদ্ধি নিয়ে সোমবারই তাঁর প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। প্রধানমন্ত্রী নিজেও সুখবীর সিং বাদলের সঙ্গে ফোনে কথা বলেছেন। বাদলরা ফিরে আসাতে এনডিএ আবার ‘পরিপূর্ণ’ হল বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। সেই প্রেক্ষাপটেই শাহ বলেন, “আমি বিশ্বাস করি পঞ্জাবে, সারা দেশে এবং বিশ্বজুড়ে এই জোট হিন্দু-শিখ ভ্রাতৃত্বের প্রতীক হয়ে উঠবে। উভয়পক্ষই এই পথে একসঙ্গে এগিয়ে যাবে।”

অকালি দলকে এই জোটের ‘বড় ভাই’ বলে উল্লেখ করেন অমিত শাহ। তিনি বলেন, “দীর্ঘ আলোচনার পর আমরা ও অকালি দল কিছু দাবি উত্থাপন করেছি, তার পর এই ঘোষণা করছি। জোটের বিষয়টি যদি ধরি, তবে তারা আমাদের সঙ্গে যোগ না দিলেও আম আদমি পার্টির পরাজয় নিশ্চিত ছিল। আর এখন তাদের অন্তর্ভুক্তির পরে আম আদমি পার্টির পরাজয় সুনিশ্চিত হল।”

এই জোটকে মানুষের জোট বলেও অভিহিত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহ বলেন, “এই জোট দেশ, রাজ্য এবং শিখ সম্প্রদায়ের কল্যাণের জন্য গঠিত হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালের দল পঞ্জাবকে লুঠ করছে। উন্নয়নের নামে সেখানে কিছুই নেই। আমাদের পূর্ণ বিশ্বাস যে, একটি ‘ডাবল-ইঞ্জিন’ সরকারের অধীনে পঞ্জাবের স্বর্ণযুগে ফিরে আসবে। এটা কোনও রাজনৈতিক জোট নয়, বরং জনগণের জোট। কারণ, পঞ্জাবের সাধারণ মানুষ চেয়েছিল যেন অকালি দল বিজেপির সঙ্গে হাত মেলায় এবং রাজ্যে শান্তি ও উন্নয়ন ফিরিয়ে আনে।”

করতারপুর সাহিব করিডর নিয়ে কংগ্রেসকে শাহী নিশানা

এদিন করতারপুর সাহিব করিডরের প্রসঙ্গও তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অপারেশন সিঁদুরের সময় থেকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণে এই করিডর বন্ধ রয়েছে। ওই করিডর আবার খোলা হবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে শাহ উল্লেখ করেছেন, জাতীয় নিরাপত্তা নিয়ে রাজনীতি করা উচিত নয়। এই নিয়ে কংগ্রেসের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি। শাহের অভিযোগ, কংগ্রেসের জন্য করতারপুর সাহিব করিডর ভারতে অন্তর্ভুক্ত করা যায়নি স্বাধীনতার সময়। সেই সময় বিজেপি ক্ষমতায় থাকলে করতারপুর সাহিব করিডর অবশ্যই ভারতের অংশ হত।

বিজেপি-অকালি জোটের ইতিহাস

অকালি দল ও বিজেপির পূর্বসূরি দল ‘ভারতীয় জনসংঘ’-এর মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের শিকড় খুঁজে পাওয়া যায় ১৯৬৭ ও ১৯৬৯ সালের নির্বাচনের পরবর্তী জোটগুলোতে। এমনকী জরুরি অবস্থার পরবর্তী সময়ে ১৯৭৭ সালে জনতা পার্টির সঙ্গে গঠিত সরকারেও অকালি দল ছিল।

বর্তমান সময়ের এই জোট ১৯৯৬ সালে আত্মপ্রকাশ করে। মোগা সম্মেলনে নেওয়া সিদ্ধান্তের প্রেক্ষিতে অকালি দল কেন্দ্রে অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন সরকারকে নিঃশর্ত সমর্থন জানায়। পরবর্তীকালে, উভয় দল ১৯৯৭ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এবং ঐতিহাসিক জয়লাভ করে।

প্রয়াত প্রকাশ সিং বাদল এই জোটকে পঞ্জাবে ‘হিন্দু-শিখ ঐক্য ও শান্তির প্রতীক’ হিসেবে অভিহিত করতেন এবং একে একটি ‘অবিচ্ছেদ্য বন্ধন’ বলে বর্ণনা করতেন। প্রায় ২৪ বছর (১৯৯৬–২০২০ সাল পর্যন্ত) স্থায়ী এই জোট পঞ্জাবে তিনবার (১৯৯৭–২০০২, ২০০৭–২০১২ ও ২০১২–২০১৭) সরকার গঠন করেছিল।

বিজেপি-অকালি জোট ভাঙল কেন?

প্রায় আড়াই দশক পর, ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর অকালি দল এনডিএ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা করে। যার ফলে বিজেপির সঙ্গে তাদের ২৪ বছরের দীর্ঘ সম্পর্কের অবসান ঘটে। এর কয়েকদিন আগে, ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর, অকালি নেত্রী হরসিমরত কৌর বাদল কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। এই জোট ভেঙে যাওয়ার পিছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ ছিল।

জোট ভাঙার প্রধান ও তাৎক্ষণিক কারণ ছিল কেন্দ্রীয় সরকারের আনা তিনটি কৃষি আইন। পঞ্জাবের কৃষকদের তীব্র বিরোধিতা এবং অকালি দলের গ্রামীণ ভোটব্যাংকের ওপর প্রচণ্ড চাপের কারণে, বিজেপির সঙ্গে জোট বজায় রাখা অকালি দলের পক্ষে রাজনৈতিকভাবে অসম্ভব হয়ে পড়েছিল। এ ছাড়া, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং ‘বন্দি সিং’দের (শিখ বন্দি) মুক্তির মতো সংবেদনশীল বিষয়গুলোকে কেন্দ্র করে উভয় দলের আদর্শগত মতপার্থক্য ও উত্তেজনা ক্রমশ বাড়ছিল।

পাশাপাশি, ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ও জোট ভাঙার বড় কারণ। অকালি দল মাত্র ১৫টি এবং বিজেপি মাত্র তিনটি আসনে নেমে এসেছিল সেবার। আর সেই তখন থেকেই পঞ্জাব বিজেপির একটি অংশ দীর্ঘদিনের ‘২৩টি আসন’ বণ্টনের সূত্রটি পুনর্বিবেচনার দাবি তুলতে শুরু করে। তারা আরও বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছিল। এমনই নানা কারণে জোট ভাঙে। এবার আবার জোট গঠন করল দুটি দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *