না মানলে আইনি ব্যবস্থা”—রুদ্রনীল থেকে ঋতুপর্ণা ও অধীর, বাংলা ছবির প্রাইম টাইম নিয়ে কে কী বললেন?

প্রাইম টাইমে রাজ্যের সমস্ত সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সে বাংলা সিনেমা চালাতেই হবে। সূত্রের খবর, স্টুডিওপাড়ার সঙ্গে বৈঠকে এমনই কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি স্পষ্ট করে জানিয়েছেন যে প্রাইম টাইমে প্রেক্ষাগৃহে ‘সাধক বামাক্ষ্যাপা’র শো রাখতে হবে। গত শুক্রবার মুক্তি পাওয়া এই বাংলা সিনেমা দর্শকমহলে ভালো সাড়া পেলেও এক সপ্তাহের মধ্যেই ছবিটি হল থেকে তুলে নিতে বলা হয় বলে অভিযোগ উঠেছে। এই ইস্যুতে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি বিধায়ক ও অভিনেতা রুদ্রনীল ঘোষ, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং কংগ্রেস নেতা অধীর চৌধুরী।

কী বললেন রুদ্রনীল ঘোষ?

বৈঠকের পর রুদ্রনীল ঘোষ বলেন, “অন্য কোনও ভাষার কোনও সিনেমার সঙ্গে আমাদের কোনও বিরোধ নেই। এই মাটির যারা, বাংলা সিনেমা বানাবার, খুব দায়িত্ব নিয়ে, যত্ন করে, কষ্ট করে কাজ করেন, অন্য কোনও বড় একটা সিনেমা চলে আসার জন্য তাদেরকে না জানিয়েই হল থেকে সরিয়ে দেওয়া, এটি আর হবে না। সম্মানীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে, সাধক বামাক্ষ্যাপা বা এই ধরনের সিনেমা সম্পর্কে পরিষ্কার বলেছেন, এই ধরনের বিষয় আর হবে না।”

তিনি আরও জানান, নির্মাতারা যেন হল মালিকদের সঙ্গে যোগাযোগ করেন এবং হল মালিকরা যেন তা গ্রহণ করেন। তাঁর কথায়, “প্রাইমটাইমে বাংলা সিনেমাকে পরিষ্কার শো দিতেই হবে। যদি কেউ এটা না মানেন, তাঁর ক্ষেত্রে কিন্তু আইনি ব্যবস্থা হবে।” পাশাপাশি প্রায় ৫১টি হল সরকারি উদ্যোগে নির্মাণ এবং সেমিনার হল বা অন্যান্য পরিকাঠামো সংস্কার করে সিনেমা প্রদর্শনের উপযোগী করে তোলার সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন তিনি।

ঋতুপর্ণা সেনগুপ্ত ও অধীর চৌধুরীর প্রতিক্রিয়া

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বৈঠককে ইতিবাচক বলে অভিহিত করেন। তিনি বলেন, “খুব ভালো হয়েছে বৈঠক। অনেক ভালো ভালো সমাধান হয়েছে। আশা করি, বাংলা সিনেমা আমরা মুখ তুলে দেখতে পারব ভালো কিছু।” তাঁর মতে, প্রাইম টাইমে বাংলা সিনেমাকে জায়গা দেওয়ার বিষয়ে আগের সিদ্ধান্তের সঠিক বাস্তবায়নই ছিল মূল আলোচ্য বিষয়।

অন্যদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী এই পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন। তিনি বলেন, “এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্য, ভাবতেও খারাপ লাগছে, শুনতেও খারাপ লাগছে, বলতেও খারাপ লাগছে। বাংলায়, বাংলা সিনেমা যদি না চলে, যে বাংলা থেকে সত্যজিৎ রায়ের মতো ব্যক্তিত্বরা অস্কার পায়, যে বাংলায় উত্তম কুমারের জন্ম, সেই বাংলায় যদি বাংলা বই দেখানোর সুযোগ না পায় প্রেক্ষাগৃহ, এর থেকে দুর্ভাগ্যের কিছু নেই।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *