রাত পৌনে ১১টায় ট্রেনে উঠে সিটই পেলেন না যাত্রী, ১৩৯ নম্বরে অভিযোগ: দেখুন ভাইরাল টিকিটের ছবি

ট্রেনে উঠতেই চরম বিপাকে পড়লেন এক যাত্রী। বারাণসী সিটি থেকে গোরখপুরগামী ট্রেনে উঠে অদ্ভুত সমস্যার মুখে পড়েন তিনি। তাঁর হাতে কনফার্মড টিকিট, তাতে লেখা বার্থ নম্বর ৫৪। অথচ কামরায় উঠে তিনি দেখেন, সেখানে মোট আসনই রয়েছে ৫২টি।
ঈশান বাজপেয়ী তাঁর অ্যাকাউন্ট থেকে পুরো ঘটনার ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা গেছে, ট্রেনে উঠে নিজের আসন খুঁজতে খুঁজতে কামরার ভেতরের বার্থগুলোর ছবি তুলছেন তিনি।
নিজের পোস্টে ঈশান জানিয়েছেন, ওই ট্রেনে তাঁর টিকিটে ‘এ১/৫৪’ বার্থ সংরক্ষিত ছিল। অথচ কামরাটিতে মাত্র ৫২টি বার্থ রয়েছে। রাতের সফরে শোওয়া তো দূর, বসারও কোনও জায়গাই পাননি তিনি।
ঈশানের কথায়, রাত পৌনে ১১টা নাগাদ এমন পরিস্থিতি তৈরি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন তিনি। বিষয়টি জানিয়ে তিনি রেলের হেল্পলাইন নম্বর ১৩৯-এ অভিযোগও করেছেন। প্রমাণ হিসেবে নিজের টিকিটের একটি স্ক্রিনশটও সমাজমাধ্যমে দিয়েছেন ঈশান। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, তাঁর জন্য ‘এ১/৫৪’ বার্থটিই কনফার্ম করা হয়েছিল।
তাঁর এই পোস্টের জবাবে রেলওয়ে সেবার তরফে জানানো হয়েছে, জরুরি পদক্ষেপের জন্য বিষয়টি সংশ্লিষ্ট আধিকারিকদের জানানো হয়েছে।
এই ঘটনা নিয়ে সমাজমাধ্যমে বেশ শোরগোল পড়ে গেছে। এর পর অনেকেরই প্রশ্ন, যে বার্থের অস্তিত্বই নেই, সেখানে সিস্টেমে কীভাবে টিকিট বুক হলো? এরই মধ্যে এক ব্যবহারকারী নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে লিখেছেন, তাঁর টু-এসি কামরার টিকিট আপনাআপনিই বদলে থ্রি-এসি হয়ে গিয়েছিল।