৮ বছর বয়সে এসে সংসার পাতলেন কুলতলিতে, ৪০ বছর পর নাগরিকত্বের প্রশ্নে আটক টোটোচালক!

চার দশকেরও বেশি সময় আগে, মাত্র আট বছর বয়সে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন বলে দাবি এক ব্যক্তির। তারপর বসিরহাটে ইটভাটায় কাজ, সেখান থেকে কুলতলিতে এসে বিয়ে করে সংসার পাতা। বর্তমানে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে কুলতলিতেই বসবাস করেন তিনি। পেশায় টোটোচালক। কিন্তু তাঁর নাগরিকত্ব নিয়েই এবার উঠল প্রশ্ন। বাংলাদেশি সন্দেহে ওই ব্যক্তিকে আটক করেছে কুলতলি থানার পুলিশ। স্থানীয় গরানকাটি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম এনামুল মোল্লা। আদি বাড়ি বাংলাদেশের খুলনায়। ক্যানিংয়ের এসডিপিও মোত্তাকিনুর রহমান বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে কুলতলি থানার পুলিশ গোপালগঞ্জ অঞ্চলের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। সেই অভিযানে মোট পাঁচ জনকে থানায় নিয়ে আসা হয়। তাঁদের পরিচয় ও বসবাস সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখার পর এনামুল মোল্লাকে আটক করা হয়।”

স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক বছর আগে বসিরহাট থেকে কুলতলিতে এসে বসবাস শুরু করেন এনামুল। কুলতলিতে বিয়ে করে স্থায়ীভাবে সংসারও পাতেন তিনি। বর্তমানে তাঁর তিন সন্তান রয়েছে। টোটো চালিয়ে সংসার চালাতেন তিনি।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোমবার রাতে তাঁর বাড়িতে পৌঁছয় কুলতলি থানার পুলিশ। এরপর এনামুলকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। তাঁর পরিচয় এবং ভারতে বসবাসের বিষয়টি নিয়ে একাধিক প্রশ্ন করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে আটক করা হয়। তাঁর কাছে ভারতে বসবাসের বৈধ নথিপত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, আটক হওয়ার পর এনামুলের দাবি, ৪০ বছরেরও বেশি আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন তিনি। তখন তাঁর বয়স ছিল আট বছর। এ দেশে আসার পর প্রথমে বসিরহাটের একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। সেখানে বেশ কয়েক বছর কাজ করার পর কুলতলিতে চলে আসেন। এরপর বিয়ে করে সেখানেই বসবাস শুরু করেন এবং ধীরে ধীরে গড়ে ওঠে তাঁর সংসার।

এনামুলের আরও দাবি, ভারতে আসার পর তাঁর নাম ভোটার তালিকাতেও উঠেছে। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি ভোট দেননি বলেও জানিয়েছেন। দীর্ঘদিন ধরে এ দেশে বসবাস করলেও তাঁর নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্র নিয়ে এখন প্রশ্ন উঠেছে।

তবে শুধুমাত্র দীর্ঘদিন বসবাস কিংবা ভোটার তালিকায় নাম থাকলেই নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত হয় না। সেক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি নথি ও অন্যান্য তথ্য যাচাই করা জরুরি। সেই কারণেই এনামুলের পরিচয় এবং ভারতে প্রবেশ ও বসবাস সংক্রান্ত তথ্য খতিয়ে দেখছে পুলিশ। কীভাবে তিনি ভারতে এসেছিলেন, তাঁর কাছে কী কী পরিচয়পত্র রয়েছে এবং আদৌ তাঁর কাছে বৈধ নাগরিকত্ব বা বসবাসের নথি রয়েছে কি না, এই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আপাতত এনামুলকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বক্তব্যের সত্যতা যাচাইয়ের চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *