‘প্রিয়ঙ্কা নিয়ম মানত, আমি বিদ্রোহী’ — শৈশব থেকে সংসদ, ভাই-বোনের খুনসুটিতে ভরা বিশেষ ভিডিওয় কী বললেন রাহুলরা?

জরুরি অবস্থার পর ১৯৭৭ সালের লোকসভা নির্বাচনে ইন্দিরা গান্ধী ও সঞ্জয় গান্ধীর শোচনীয় পরাজয়ের আঁচ কেবল রাজনীতিতে সীমাবদ্ধ ছিল না, তা ছায়া ফেলেছিল গান্ধী পরিবারের দুই ছোট সদস্যের শৈশবেও। মঙ্গলবার মা সনিয়া গান্ধীর সঙ্গে অন্তরঙ্গ আড্ডার ভিডিওয় সেই উত্তাল দিনগুলির স্মৃতিচারণ করলেন রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। সনিয়া গান্ধীর সদ্যপ্রকাশিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এর সূত্রে প্রকাশিত ‘হোয়াট মা লেফট আউট অফ হার বুক’ শীর্ষক ওই ভিডিওয় উঠে এল ভোটের হারের পর স্কুলে সহপাঠীদের টিটকিরি, একাকীত্ব এবং বাড়ির থমথমে পরিবেশের অজানা কাহিনি।

‘তোর কাকা চোর’ শুনেই চড়

প্রিয়ঙ্কা জানান, ১৯৭৭-এর নির্বাচনের পর পরিবার অন্য একটি বাড়িতে উঠে গিয়েছিল এবং চারপাশে একটা চাপা উত্তেজনা কাজ করত। ভোটের ফল প্রকাশের পর প্রথম দিন স্কুলে যাওয়ার অভিজ্ঞতার কথা মনে করে প্রিয়ঙ্কা বলেন, ‘কিস্সা কুরসি কা’ মামলায় তখন সঞ্জয় গান্ধী জেলে। সেই প্রসঙ্গ টেনে স্কুলে একটি ছেলে এসে তাঁকে টিটকিরি দিয়ে বলেছিল, “তোর কাকা জেলে আছে, তোর কাকা চোর।” প্রিয়ঙ্কার কথায়, “আমি ওকে সপাটে একটা চড় দিই। ও কাঁদতে শুরু করে। এরপর যথারীতি শিক্ষকের কাছে যাই আর বকুনি খাই।”

অন্য দিকে, রাহুলের স্মৃতিতে ধরা পড়েছে এক অন্য ধরনের নিঃসঙ্গতার ছবি। রাহুল জানান, নির্বাচনের পর প্রথম দিন ক্লাসে গিয়ে তিনি বসার পর তাঁর পাশে কেউ বসেনি। সহপাঠীরা কেউ তাঁর সঙ্গে কথা বলছিল না। ঠাকুমা ইন্দিরা গান্ধীকে নিয়ে সহপাঠীরা কী ধরনের মন্তব্য করত, রাহুল সে কথা বলতে গেলে সনিয়াও আলোচনায় যোগ দেন।

পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় জন্মদিনে একটি পার্টির আয়োজন করা হয়েছিল বলেও স্মৃতিচারণ করেন তাঁরা। মোট ৩২ জন সহপাঠীকে আমন্ত্রণ জানানো হলেও সময় পেরিয়ে গেলেও কেউ আসেনি। শেষ পর্যন্ত কেবল এক জন বন্ধু এসেছিলেন। রাহুল জানান, সেই বন্ধুর সঙ্গে আজও তাঁর বন্ধুত্ব অটুট রয়েছে।

‘প্রিয়ঙ্কা নিয়ম মানত, আমি ছিলাম বিদ্রোহী’

আড্ডায় দুই ভাই-বোনের বিপরীত স্বভাবের দিকটিও মজার ছলে উঠে আসে। প্রিয়ঙ্কা জানান, তিনি স্কুলে ‘প্রিফেক্ট’ ছিলেন এবং স্কুলের নিয়মকানুনের সঙ্গে বেশ মানিয়ে নিয়েছিলেন। রাহুলও সায় দিয়ে বলেন, “প্রিয়ঙ্কা মোটেও বিদ্রোহী ছিল না, ও সব সময় নিয়ম মেনে চলত। আর আমি ছিলাম বিদ্রোহী স্বভাবের, সব সময় প্রশ্ন করতাম আর সব কিছু ওলটপালট করে দিতাম।”

বোনের স্বভাবের এই পার্থক্যের সঙ্গে বর্তমান রাজনীতির তুলনা টেনে রসিকতা করতে ছাড়েননি প্রিয়ঙ্কাও। হাসতে হাসতে তিনি বলেন, আজকের সংসদেও ঠিক একই ছবি দেখা যায়। তিনি সংসদীয় ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে পারলেও রাহুল মোটেও তা পারেন না!

উল্লেখ্য, দিন কয়েক আগেই প্রকাশিত হয়েছে সনিয়ার স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’, যেখানে তাঁর পারিবারিক জীবন এবং জরুরি অবস্থার নানা অধ্যায়ের কথা তুলে ধরা হয়েছে। সেই বইয়ে না বলা পারিবারিক স্মৃতির ঝাঁপিই এ দিন খুলে ধরলেন মা ও দুই সন্তান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *