হজ ভবন থাকলে গুরু নানক ভবন কেন নয়?” ডানকুনির গুরুদ্বারে গিয়ে বড় ঘোষণা শুভেন্দুর

গুরু নানক জয়ন্তী বা প্রকাশ পরব উপলক্ষে মঙ্গলবার হুগলির ডানকুনির গুরুদ্বারে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শিখ সম্প্রদায়ের জন্য একাধিক বড় প্রতিশ্রুতি দেন তিনি। গুরুদ্বারে কমিউনিটি সেন্টার ও ‘গুরু নানক ভবন’ নির্মাণের ঘোষণার পাশাপাশি জমি সংক্রান্ত জট মেটানোর আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ডানকুনির গুরুদ্বারে গিয়ে শিখ সম্প্রদায়ের মানুষের সঙ্গে দীর্ঘদিনের আত্মীয়তার সম্পর্ক তুলে ধরেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি জানান, গুরুদ্বার চত্বরে কমিউনিটি সেন্টার বা কমিউনিটি হল তৈরি করা হবে এবং সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে কাজ চলবে। পাশাপাশি গুরু নানকের নামে একটি ভবন তৈরির ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী।

সংখ্যালঘু প্রসঙ্গ টেনে এদিন প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, রাজ্যে যদি হজ ভবন থাকতে পারে, তবে গুরু নানকের নামে ভবন কেন তৈরি হবে না? প্রাক্তন সরকারের সমালোচনা করে তিনি বলেন, আগে একটি নির্দিষ্ট সম্প্রদায়কেই সংখ্যালঘু হিসেবে দেখা হত, কিন্তু বর্তমান সরকার শিখ ও জৈনসহ সকল সংখ্যালঘু সম্প্রদায়কে সমান মর্যাদা দিয়ে উন্নয়নে কাজ করছে।

গুরুদ্বারের জমি সংক্রান্ত সমস্যা প্রসঙ্গেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ডানকুনির এই গুরুদ্বার একটি বড় ও গুরুত্বপূর্ণ সেবা কেন্দ্র উল্লেখ করে তিনি জানান, জাতীয় সড়ক (ন্যাশনাল হাইওয়ে) সংক্রান্ত যে সমস্যা রয়েছে, তা আলোচনার মাধ্যমে দ্রুত মিটিয়ে নেওয়া হবে এবং সরকারি জমি ব্যবহারের বিষয়টিও খতিয়ে দেখা হবে।

এছাড়া আগামী ৯ থেকে ১৭ জানুয়ারি গঙ্গাসাগর মেলা উপলক্ষে ডানকুনিতেও ক্যাম্প তৈরি করা হবে বলে জানান শুভেন্দু অধিকারী, যেখানে পুলিশ ও সরকারি আধিকারিকরা দায়িত্বে থাকবেন এবং সেবা দেওয়ার কাজে শিখ সম্প্রদায়কেও পাশে থাকার আহ্বান জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *