“সব বাংলা ছবিকে প্রাইম টাইম শো দিতে হবে”-সিনেমা হল গুলোকে কড়া নির্দেশ শুভেন্দুর

হিন্দি ছবির দাপটে প্রেক্ষাগৃহ থেকে সরতে বসেছিল ‘সাধক বামাক্ষ্যাপা’। গত ২০ নভেম্বর মুক্তি পাওয়া এই ছবিটি দর্শকদের থেকে দারুণ সাড়া পেলেও প্রযোজনা সংস্থা এসভিএফ আগামী শুক্রবার থেকে এর প্রদর্শন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। নেপথ্যে ছিল ২৭ নভেম্বর মুক্তি পেতে চলা রাজশ্রী প্রোডাকশন ও যশরাজ ফিল্মস পরিবেশিত ‘ইয়ে প্রেম মোল লিয়া’। যার জেরে প্রাইম টাইমে শো পেতে সমস্যায় পড়ছিল ‘সাধক বামাক্ষ্যাপা’। এই সিদ্ধান্ত সামনে আসতেই টলিউডজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে নবান্নে হল ও মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিনের বৈঠকে বাংলা চলচ্চিত্র জগতের প্রযোজক, পরিচালক ও পরিবেশকদের পাশাপাশি উপস্থিত ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শতদীপ সাহা এবং অরিজিৎ দত্ত। ভার্চুয়ালি যুক্ত হন মিঠুন চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বৈঠক শেষে ‘সাধক বামাক্ষ্যাপা’-র পরিচালক সায়ন্তন ঘোষাল জানান, মুখ্যমন্ত্রী সবার বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন। ছবির প্রদর্শন বন্ধ করতে অস্বীকার করলে সংশ্লিষ্ট হলের লাইসেন্স বাতিল এবং শোকজ করা হবে বলে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিচালকের বিশ্বাস, এই হস্তক্ষেপের পর ছবির শো আর বন্ধ হবে না। তিনি আরও জানান, চালু ও ব্যবসা সফল একটি ছবি কীভাবে নামিয়ে দেওয়া যায়, তা নিয়ে প্রশ্ন তোলা হলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান যে ‘সাধক বামাক্ষ্যাপা’-কে প্রাইম টাইমে শো দিতেই হবে এবং কোনওভাবেই শো বন্ধ করা যাবে না।

বৈঠকে কেবল ‘সাধক বামাক্ষ্যাপা’ নয়, বাংলা ছবির স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাক্তন সরকারের আমলে প্রাইম টাইমে বাংলা ছবি চালানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা এতদিন কার্যকর না হলেও মঙ্গলবার থেকেই তা কড়াভাবে লাগু করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দেন, বিকেল ৩টা থেকে রাত ৯টার মধ্যে বাংলা ছবির শো দিতেই হবে, কোনও অজুহাত মানা হবে না। ‘সাধক বামাক্ষ্যাপা’-র জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি, যার আপাতত ৫১টি শো রয়েছে। পাশাপাশি প্রেক্ষাগৃহের সংখ্যা কমে যাওয়ার সমস্যা সমাধানে নতুন ৫১টি হল তৈরির সিদ্ধান্তকেও বাংলা সিনেমার জন্য বড় পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়াও ডিস্ট্রিবিউটার, প্রযোজক ও হল মালিকদের নানা সমস্যা খতিয়ে দেখতে এই মাসের মধ্যেই একটি কমিটি গঠন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, আগামী শুক্রবার থেকে ‘সাধক বামাক্ষ্যাপা’-র হল সফর থমকে যাওয়ার আশঙ্কায় সরব হয়েছিল চলচ্চিত্র মহল। প্রদর্শকরা বিষয়টি পুনর্বিবেচনা করবেন বলে আশা করেছিলেন নির্মাতারা। শেষ পর্যন্ত মঙ্গলবার মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ ও হস্তক্ষেপে সেই জট কাটল বলেই মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *